আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর দ্বিতীয় সিজ়ন আসতে চলেছে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে শুরু হবে নতুন সিজ়নের শুটিং।
প্রথম সিজ়নে যে সব তারকাকে দেখা গিয়েছিল, নতুন মরসুমেও তাঁরা থাকবেন বলে আশা করা হচ্ছে। মুখ্য চরিত্র আসমান সিংহ হিসাবে ফিরছেন লক্ষ্য, করিশ্মা তলওয়ারের চরিত্রে সহর বম্বা। এ ছাড়া ববি দেওলের অজয় তলওয়ার, রাঘব জুয়ালের পারভেজ় এবং অনন্যা সিংহের সানিয়াও থাকবে বলেই ধরে নেওয়া যায়। মোনা সিংহ, মনোজ পহওয়া, মনীশ চৌধুরী, রজত বেদী-সহ অন্যান্য অভিনেতারও ফেরার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনও কলাকুশলী যোগ দেবেন কি না, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ছিল আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্য রচনায় হাতেখড়ি। সিরিজ়টির ভাবনা, পরিচালনা— দুয়ের দায়িত্বেই ছিলেন তিনি। বিলাল সিদ্দীকী ও মানব চৌহানের সঙ্গে যৌথ ভাবে চিত্রনাট্যও লিখেছিলেন আরিয়ান। শাহরুখ খানের ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে সিরিজ়টি প্রযোজনা করেছিলেন গৌরী খান।
২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল প্রথম সিজ়ন। যা শেষ হয়েছিল বলিউডি কায়দায় গল্পে ট্যুইস্ট দিয়ে। দ্বিতীয় সিজ়নের গল্প নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। তবে গত অগস্টে চিত্রনাট্যকার বিলাল জানিয়েছিলেন, দ্বিতীয় সিজ়ন নিয়ে আলোচনা চলছে। অবশ্য নেটফ্লিক্সের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি।