বয়স ৬০। জীবনের এই পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন সলমন খান? বলিতারকাকে ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর নবম সিজ়নে অতিথি হয়ে এসে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলবেন অভিনেতা। সেখানেই নাকি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সলমনকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব কি তিনি অনুভব করেন? উত্তরে নাকি সলমন স্বীকার করেছেন, নিজের সন্তান চান তিনি। ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন বলেও জানা যাচ্ছে।
সলমনের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। দীর্ঘ দিন ধরেই রুমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া বন্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান এবং একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি দু’জনের কেউই।
আরও পড়ুন:
‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজ়নের প্রচার ঝলকে দেখা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেখানে সলমনকে বলতে শোনা যায়, “‘কফি উইথ কর্ণ’-এর পরে হবে ‘কফি উইথ সলমন’।” তাঁর কথা শুনে হেসে ওঠেন কর্ণ।
এর পরেই সলমনকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন কর্ণ। তিনি জিজ্ঞাসা করেন, “আপনি কি এখনও কুমার?” প্রশ্ন শুনে মজার ছলেই অভিনেতার জবাব, “সংযত হও ভাই, সংযত হও।” দু’জনের কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরনো দিনের প্রসঙ্গও। আগের এক সিজ়নে সলমন বলেছিলেন, তিনি এখনও কুমার। কুমারত্ব হারাননি তিনি।
পুরনো বিষয় নিয়ে হাসাহাসি হলেও, কর্ণ জানান, আগের তুলনায় সলমন এখন অনেক বেশি শান্ত এবং সংযত। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, “এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এ বার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।”
১৪ অক্টোবর থেকে জিয়োহটস্টারে দেখা যাবে ‘কফি উইথ কর্ণ’-এর নবম সিজ়ন। প্রথম পর্বে কর্ণের অতিথি সলমন খান। শোনা যাচ্ছে, শোয়ের নবম সিজ়নই হতে চলেছে অন্তিম সিজ়ন। প্রায় ২২ বছরের যাত্রায় ইতি পড়তে চলেছে ‘কফি উইথ কর্ণ’-এর।