শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। শোনা যাচ্ছিল, ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। তবে সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং শাহরুখ। মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে অভিনেতা জানিয়ে দিলেন, ‘কিং’-এর মুক্তি পিছোচ্ছে না। আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।
সমাজমাধ্যমে প্রশ্নোত্তরপর্বে যোগ দিয়েছিলেন শাহরুখ। এক অনুরাগী ‘কিং’ ছবির নতুন খবর জানতে চান। তিনি লেখেন, “স্যার, ‘কিং’ নিয়ে কিছু খবর দিন। তিন বছর আগে প্রেক্ষাগৃহে আপনার শেষ ছবি দেখেছি। আর কত অপেক্ষা করাবেন? অন্তত একটা ঝলক দেখান।” তখনই ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার জল্পনায় জল ঢেলে দেন।
উত্তরে শাহরুখ লেখেন, “এ বার ছবিটা দেখবেন। অপেক্ষা করাচ্ছি না আর। ভাল একটা ছবি তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হবে। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগে।”
আরও পড়ুন:
ছবির কাজ যে একেবারে নির্বিঘ্নে এগোয়নি, সে কথাও জানিয়েছেন শাহরুখ। শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছেন অভিনেতা। সেই কারণে মাঝে কাজ বন্ধও রাখতে হয়েছিল। শাহরুখের কথায়, “শুটিংয়ের সময়ে কয়েক বার চোট পেয়েছিলাম। তাই বার বার কাজ থামাতে হয়েছে। এখন সব চোট সেরে গিয়েছে। ছবির কাজও প্রায় শেষ। তাই সব ঠিকঠাকই চলছে।”
‘কিং’ নিয়ে নিজের উচ্ছ্বাসও গোপন করেননি শাহরুখ। এক অনুরাগীর প্রশ্নের জবাবে তিনি জানান, ছবিতে দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে অনেক পরিশ্রম করা হয়েছে। ছবির মারপিটের দৃশ্য, গান, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি নিজের চুল নিয়েও মজা করেন তিনি।
‘পাঠান’, ‘জওয়ান’-এর পর আবার লড়াইয়ের দৃশ্য নিয়ে এই ছবিতে ফিরছেন শাহরুখ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনও রয়েছেন ছবিতে। তবে ছবির কাহিনি নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। শাহরুখের কথায় সেই আগ্রহ আরও বাড়ল।