মুক্তির আগেই বলিউডে আলোচনার কেন্দ্রে শাহরুখ খান অভিনীত ‘কিং’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় সুহানাকে নিয়ে আসছেন বাদশা। ছবি নিয়ে একের পর এক নতুন খবর অনুরাগীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে। এ বার শোনা যাচ্ছে, ছবির মূল শুটিং প্রায় শেষ। বাকি শুধু বিদেশের অংশের শুটিং।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগস্টেই শুরু হতে পারে ছবির শেষ দফার শুটিং। যদিও এখনও পর্যন্ত বিদেশে কোনও শুটিং লোকেশন ঠিক হয়নি। বর্তমানে ছবির একটি বিশেষ টিম আমেরিকায় শুটিং স্পট ঘুরে দেখছে। এর পরে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও জায়গা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে টিমের। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসেই বিদেশে উড়ে যাবে ‘কিং’-এর টিম।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিদেশ ছাড়া ছবির আর কোনও বড় শুটিং বাকি নেই। আপাতত লোকেশন, অনুমতি এবং শুটিং সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছে তারা। লোকেশন চূড়ান্ত হলেই শুরু হবে শেষ দফার কাজ।
গত বছরের ২ নভেম্বর, নিজের জন্মদিনেই ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন শাহরুখ। সম্পূর্ণ অন্য রকম লুকে ধরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছবির থিম মিউজ়িক এবং তাঁর সংলাপ, মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয় সমাজমাধ্যমে। তার পর থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশা ক্রমশ বেড়েই চলেছে।
রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। শোনা যাচ্ছে, ছবিতে নাকি শাহরুখকে অপরাধজগতের এক অভিজ্ঞ ঘাতকের চরিত্রে দেখা যাবে। সুহানা অভিনয় করছেন তাঁর শিষ্যের ভূমিকায়, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
‘কিং’-এ শাহরুখ ও সুহানার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, অরশদ ওয়ারসী, অভয় বর্মা এবং রাঘব জুয়াল। বাংলা থেকে এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’ যে আগামী বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি হতে চলেছে, তা বলাই বাহুল্য।