প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর জন্য অনুরাগীদের নানা কাণ্ড নতুন নয়। শাহনাজ় গিলের অনুরাগীর সংখ্যাও যে নেহাত কম নয়, তার প্রমাণ মিলল সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয়। এক অনুরাগী নিজের বুকে শাহনাজ়ের মুখের ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটু দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী।
ছড়িয়ে পড়া ভিডিয়োয় অনুরাগীর সঙ্গে পঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায় শাহনাজ়কে। অনুরাগীর বুকের ট্যাটুটি দেখে অভিনেত্রী প্রশ্ন করেন, “তুমি এই ট্যাটুটা কেন করালে?” উত্তরে ওই ব্যক্তি বলেন, “আমি আপনার অনুরাগী।” এর পরে শাহনাজ় বলেন, “আমি জানি তুমি আমার অনুরাগী, কিন্তু…”, কথা শেষ করার আগেই অন্য দিকে মন চলে যায় অভিনেত্রীর। পরে অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি এবং তাঁর হাতও ধরেন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরে নেটাগরিকদের নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক জন লেখেন, “এর আগে হাতে ট্যাটু করিয়েছিল। তখন শাহনাজ় বলেছিলেন, ‘যা করেছ ঠিক আছে, খুব ভাল। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিয়ো না।’ কিন্তু উনি দেখছি শাহনাজ়ের কথা একটাও শোনেননি।” অন্য এক নেটাগরিক লিখেছেন, “এক সময় শাহনাজ় নিজে (কর্ণ) আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শাহনাজ়ের ট্যাটু করাচ্ছে।” আর এক জনের মন্তব্য, “কী সুন্দর এবং সাহসী একটি পদক্ষেপ! শাহনাজ় সত্যিই ভাগ্যবতী।” স্পষ্টতই, ওই ব্যক্তি শাহনাজ়ের অত্যন্ত বড় অনুরাগী।
আরও পড়ুন:
এ দিকে, অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবিটি ভারতে প্রথম দিনে ৩৫ লক্ষ টাকা আয় করেছে বলে খবর। সপ্তাহান্তে ছবিটি বক্সঅফিসে কেমন ব্যবসা করে, সেটাই দেখার। শাহনাজ়ের হাতে আরও কয়েকটি পঞ্জাবি ও হিন্দি ছবির কাজ রয়েছে।