সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের পরিবারে খুশির খবর। প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী। বৃষ্টিভেজা রবিবারে সোহিনীর কোলে এল পুত্রসন্তান।
শহরের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিলেন সোহিনী। অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমেও। একটি আদুরে পোস্টে শোভন-সোহিনী লেখেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”
সুখবর ভাগ করলেন তারকাদম্পতি। ছবি: সংগৃহীত।
মাসদুয়েক আগে, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হওয়ার খবর প্রকাশ্যে জানিয়েছিলেন সোহিনী। জল্পনা ছিল তার কয়েক দিন আগে থেকেই। সাদা রঙের কুর্তি, খোলা চুলে গোঁজা লাল রঙের ফুল। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ছবিতে এই বেশে দেখা যায় সোহিনীকে। স্ফীতোদর প্রকাশ করেন ছবিতে। অন্য দিকে, শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। তিনটি ছবি ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছিলেন, “তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।”
দু’জনের সংসারে বাড়ল সদস্য। ছবি: সংগৃহীত।
২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। বিয়ে নিয়ে গোপনীয়তাও যথেষ্ট বজায় রেখেছিলেন তাঁরা। ঘরোয়া আবহে বিয়ে সেরেছিলেন দম্পতি। বিয়ে সেরে সোহিনী লিখেছিলেন, “আগলে রাখব, যত্নে থাকব।” বিয়ের দু’বছর পরে এখন তিন জনের সংসার তাঁদের। শোভন-সোহিনীর পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।