২০২৩ সালের পর ২০২৬। বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিটি বড়দিনে মুক্তি পাওয়ার কথা। ২ নভেম্বর অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে ছবির প্রচারের বিশেষ প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তার আগেই ছবির সঙ্গীত নিয়ে প্রকাশ্যে নতুন খবর।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, একাধিক কাজের ব্যস্ততার কারণে ‘কিং’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্র। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গোটা বিষয়টাই সৌহার্দ্যপূর্ণ ভাবে ঘটেছে। এক সূত্রের দাবি, দক্ষিণী ছবির একাধিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় এত বড় মাপের একটি ছবির জন্য প্রয়োজনীয় সময় দেওয়া অনিরুদ্ধের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। ওই সূত্রের কথায়, “সিদ্ধার্থ এবং শাহরুখ দু’জনেই চাইছেন, আর দেরি না করে এই বড়দিনেই প্রেক্ষাগৃহে আসুক ‘কিং’। কিন্তু দক্ষিণী ছবির একাধিক কাজ নিয়ে ব্যস্ত অনিরুদ্ধ। ফলে এত বড় মাপের একটি ছবির জন্য যে সময় ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়া তাঁর পক্ষে কঠিন হচ্ছে।”
জানা গিয়েছে, আলোচনা করে দু’পক্ষই পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবির গান এবং আবহসঙ্গীতের দায়িত্ব সামলাতে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সুরকার জুটি সচিন-জিগর। তবে ‘কিং’-এর থিম ট্র্যাকটি অনিরুদ্ধই তৈরি করেছেন বলে খবর। ওই সূত্র আরও জানিয়েছে, “বলিউড তারকা শাহরুখের প্রতি সম্মান জানিয়ে অনিরুদ্ধ তাঁকে ‘কিং’-এর থিম ট্র্যাকটি দিয়েছেন। সচিন-জিগরও ছবির সম্পূর্ণ আবহসঙ্গীতের জন্য নতুন করে সেই সুরের বিন্যাস করবেন। ফলে থিম ট্র্যাকে অনিরুদ্ধের ছোঁয়া থাকছে। তবে ছবির সম্পূর্ণ আবহসঙ্গীত এবং অ্যালবামের দায়িত্বে থাকবেন সচিন-জিগর।”
‘কিং’-এর হাত ধরে ফের একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও পরিচালক সিদ্ধার্থ। এর আগে ‘পাঠান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্য দিকে, ‘জওয়ান’-এর পর আবার পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ ও দীপিকা পাড়ুকোন। এই ছবির গানের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ।
আরও পড়ুন:
‘কিং’ ছবিতে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কপূর, রানি মুখোপাধ্যায়, জ্যাকী শ্রফ, অরশদ ওয়ারসী এবং অভয় বর্মা। করীনা কপূরও এই ছবির সঙ্গে যুক্ত বলে খবর। একটি বিশেষ নাচের দৃশ্যে তাঁকে দেখা যেতে পারে বলে জল্পনা।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। বড়দিনের ছুটির মরসুমকে মাথায় রেখেই ছবির মুক্তির দিন স্থির করেছেন নির্মাতারা।