নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে হনুমানের চরিত্রে অভিনয় করছেন সনী দেওল। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত ছবির ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে যোগ দিয়ে এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং দায়িত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা।
কালো পোশাকে, দাড়ি-গোঁফ কামানো মুখ, নজরকাড়া সাজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সনী। সেখানেই তিনি জানান যে, ছবির শুটিং তিনি সবে শুরু করেছেন এবং এখনও অনেকটা পথচলা বাকি। সনীর কথায়, “সত্যি বলতে এখনও খুব অল্প অংশেরই শুটিং করেছি। আমার সামনে এখনও অনেকটা পথ বাকি।”
এই চরিত্রে অভিনয়ের সুযোগকে আশীর্বাদ বলে উল্লেখ করলেও এর সঙ্গে যে বিরাট দায়িত্বও জড়িয়ে রয়েছে, তা স্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, “হনুমানজির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। চরিত্রটিকে যথাযথ মর্যাদা ও সততার সঙ্গে ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
কেন এই চরিত্র এত কঠিন, সেটাও ব্যাখ্যা করেন সনী। তাঁর মতে, হনুমান শুধু শক্তির প্রতীক নন। তাঁর মধ্যে একই সঙ্গে রয়েছে সারল্য, দুষ্টুমি, ভক্তি এবং অপরিসীম শক্তির অনন্য মেলবন্ধন। আর সেই কারণেই এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা বেশ কঠিন। অভিনেতার কথায়, “হনুমানজির চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়। তবে আমি জানি, এই যাত্রা আমি ভীষণ উপভোগ করব। তিনি দুষ্টুমিতে ভরা, নিষ্পাপ, আবার একইসঙ্গে অপরিসীম শক্তিশালী। সবাই তাঁকে ভালবাসেন। আর সব কিছুর ঊর্ধ্বে তিনি ভগবান রামের পরম ভক্ত।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘রামায়ণ’ ছবির প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। নয়াদিল্লিতে প্রচার-ঝলক প্রকাশের পর আগামী ২৩ জুলাই সকলে যোগ দেবেন ‘সান দিয়েগো কমিক-কন’-এ। ‘কল্কি ২৮৯৮ এডি’-র পর ‘রামায়ণ’ দ্বিতীয় ভারতীয় ছবি, যা বিশ্বের অন্যতম বৃহৎ পপ-কালচার ইভেন্টে উপস্থাপিত হবে।