Advertisement
E-Paper

‘জলহস্তী হয়ে গিয়েছে’! মা হওয়ার পরে ওজনবৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার, ‘মোটা’ ব্লাউজ়ে জবাব স্বরার

সন্তানের জন্ম দেওয়ার পরে নারী শরীরের ওজনবৃদ্ধি কোনও আশ্চর্য ঘটনা নয়। কিন্তু, অভিনেত্রীদের বুঝি ওজন বাড়তে নেই! মা হওয়ার পরে ভারী চেহারা নিয়ে প্রকাশ্যে এসে তাই কটাক্ষের শিকার হন অনেকেই। এ বার কটাক্ষকারীদের জবাব দিলেন স্বরা ভাস্কর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২০
স্বরা ভাস্করের পোশাক নজর কাড়ে।

স্বরা ভাস্করের পোশাক নজর কাড়ে। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজ়ন শুরু হয়েছে শনিবার, ২৬ সেপ্টেম্বর থেকে। অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী স্বরা ভাস্কর শুরু থেকেই নিজের বক্তব্য এবং উপস্থিতির মাধ্যমে নজর কেড়েছেন। বীরেন্দ্র সহবাগ সঞ্চালিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে বেগনি রঙের শাড়ি পরে হাজির হন স্বরা। তবে নজর কাড়ে তাঁর পরনের ব্লাউজ়টি। সেখানে হিন্দিতে এমব্রয়ডারি করে লেখা ‘মোটি’ (বাংলা অর্থ ‘মোটা’)। কেন এমন পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী? ব্যাখ্যা দিতে গিয়ে গত তিন বছর ধরে সন্তানজন্মের পরে ওজনবৃদ্ধি নিয়ে তাঁকে কী ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেন স্বরা।

অনুষ্ঠানে স্বরার পোশাক দেখে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মেয়ে তিন বছরের। আর গত তিন বছর ধরে এমন অনেক মানুষ— যাঁদের আমি একেবারেই চিনি না— আমাকে সমাজমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ট্রোল করেছেন।” সন্তানজন্মের পর তাঁর ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে কী ধরনের মন্তব্য শুনতে হয়েছে তা জানিয়ে স্বরা বলেন, “বলা হয়েছে ‘মোটা হয়ে গিয়েছে’, ‘মোষ হয়ে গিয়েছে’, ‘গরুর মতো দেখাচ্ছে’, ‘জলহস্তী হয়ে গিয়েছে’, ‘হাতি হয়ে গিয়েছে’— এমন কত কী! আমার মতে, হ্যাঁ, আমি সবই হয়ে গিয়েছি। এ বার আপনাদের কথা মেনে আমি এই পোশাক অঙ্গে তুলেছি।”

চলতি বছরের মে মাসেও নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হন স্বরা। ২০১৮ সালের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করার পর তাঁকে নানা মন্তব্যের মুখে পড়তে হয়। তার জবাবে অভিনেত্রী লেখেন, “গত কয়েক বছরে সন্তানজন্মের পর আমার শরীর বদলে যাওয়ায় এবং সমাজমাধ্যমে অপরিচিতদের ঠিক করে দেওয়া সময়সীমার মধ্যে ওজন কমাতে আমি রাজি না হওয়ায় যে রাগ ও ক্ষোভের মুখে পড়েছি, তা অবিশ্বাস্য! আমি এটা বারবার বলতে চাই— মহিলাদের শরীর কেবলমাত্র যৌন আকর্ষণের জন্য নয়, তাঁদের শরীর শুধু ঝলমলে পোশাক টাঙানোর জায়গাও নয়।”

তিনি আরও লেখেন, “সন্তান হওয়ার পর আমি চটজলদি ওজন ঝরাব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ সন্তান হওয়ার পর আর আগের জায়গায় ফিরে যাওয়া যায় না— আপনি সারাজীবনের জন্য তখন একজন অভিভাবক। জীবন আমূল বদলে যায়, আর সেটাই স্বাভাবিক।”

নিজের আগের চেহারা নিয়ে নস্ট্যালজিয়ার কথাও স্বীকার করে স্বরা লেখেন, “অবশ্যই আমরা নিজেদের পুরনো জীবন, তরুণ ও স্বাধীন সত্তা, আরও রোগা ও টানটান শরীরকে মিস করি। কিন্তু নির্বিচারে নিজেদের আরও কমবয়সি, আরও রোগা করার চেষ্টা, শরীরকে জোর করে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা কিংবা অতীতকে জোর করে আঁকড়ে থাকার চেষ্টা— এ এক ধরনের নিষ্ঠুরতা।”

উল্লেখ্য, সম্প্রতি এই একই কারণে কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কইফও। গত বছর নভেম্বরে সন্তানের জন্ম দেন তারকা অভিনেত্রী। তার পর থেকে তিনি অন্তরালেই ছিলেন। তবে সম্প্রতি গণেশপুজো উপলক্ষে অম্বানী পরিবারের উদ্‌যাপনে যোগ দেন তিনি। প্রকাশ্যে আসেন স্বামী ভিকি কৌশলের সঙ্গে। সেখানেই অভিনেত্রীর ভারী চেহারা দেখে সমালোচনা ও কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। তবে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। সন্তানজন্মের পরে নারীশরীরের ওজনবৃদ্ধি আশ্চর্য ঘটনা নয়, তবুও ক্যাটরিনাকে কটাক্ষের মুখে পড়তে দেখে ক্ষোভপ্রকাশ করেন তাঁর অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়েই জীবন উপভোগ করছেন তিনি।

Swara Bhasker Trolling Postpartum Weight Gain Bollywood Katrina Kaif

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy