তাপসী পন্নুর অভিনয়জীবন বরাবরই অন্য ধারার, বিষয়নির্ভর ছবিকে ঘিরে। তবে ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ডাঙ্কি’-তে অভিনয় করে মূলধারার বলিউডেও পা রেখেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্সঅফিসে শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো সাড়া ফেলতে না পারলেও, তাপসীর অভিনয়জীবনে নাকি এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য ছবি। কিন্তু সেই সাফল্যের পরেও কেন একের পর এক বড় বাজেটের মূলধারার ছবিতে দেখা গেল না তাঁকে? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে তাপসী দাবি করেন, বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীদের চরিত্র অনেক সময়েই এমন হয়, যেখানে অভিনয় দক্ষতার চেয়ে অন্য বিষয় বেশি গুরুত্ব পায়। তাঁর মতে, বাজারদর, জনপ্রিয়তা, পরিচিতি, ইন্ডাস্ট্রিতে যোগাযোগ এবং প্রভাব— সব মিলিয়েই ঠিক হয় কোনও অভিনেত্রীকে ছবিতে নেওয়া হবে কি না।
আরও পড়ুন:
তাপসীর কথায়, ‘‘আমার মনে হয়, প্রত্যেক অভিনেতাই বদলযোগ্য। এমন নয় যে, কোনও একটি চরিত্র নির্দিষ্ট একজন ছাড়া আর কেউ করতে পারবেন না। প্রত্যেকে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারেন।’’ তাঁর মতে, মূলধারার ছবিতে মহিলা চরিত্রগুলির ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি প্রযোজ্য।
অভিনেত্রীর বক্তব্য, অনেক বাণিজ্যিক ছবিতে মহিলা চরিত্র এতটা গুরুত্বপূর্ণ হয় না যে, কোন নায়িকা সেই চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে বিশেষ ভাবতে হবে। ফলে অভিনেত্রীর প্রতিভার চেয়ে তাঁর বাজারদর, পরিচিতি কিংবা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগই অনেক সময়ে বড় হয়ে ওঠে।
আরও পড়ুন:
তাপসী স্পষ্টই স্বীকার করেছেন, এই জায়গাগুলিতেই তিনি অনেকটা পিছিয়ে। তাঁর কথায়, ‘‘আমি যে জায়গায় এগিয়ে আছি, তা হল আমার অভিনয়ের প্রতিভা।’’ আর সেই কারণেই ‘ডাঙ্কি’-তে কাজের সুযোগ পাওয়ার কৃতিত্ব সম্পূর্ণ ভাবে পরিচালক রাজকুমার হিরানিকে দিয়েছেন তিনি।
তাপসীর দাবি, হিরানি তাঁর আগের কাজ দেখেই তাঁকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজু স্যার আমার ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।’’ তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে এমন পরিচালক খুব বেশি নেই, যাঁরা কোনও অভিনেত্রীকে শুধুমাত্র তাঁর অভিনয় দক্ষতার ভিত্তিতে ছবিতে নেওয়ার ব্যাপারে এতটা নিশ্চিত থাকেন।
তাপসী আরও জানান, সাধারণত কোনও অভিনেত্রী যদি ছবির বাজেটের মধ্যে পুষিয়ে যান এবং তাঁর যথেষ্ট বাজারমূল্য থাকে, তা হলে তাঁকে বেছে নেওয়া হয়। শুধুমাত্র প্রতিভার জোরে মূলধারার ছবিতে সুযোগ পাওয়া তাই বেশ কঠিন। আর যখন পরিচালক নির্দিষ্ট কোনও অভিনেত্রীকেই চরিত্রটির জন্য চান, তেমন ঘটনা নাকি খুব বিরল।
তাপসীর শেষ ছবি ‘গান্ধারী’। মেয়েকে অপহরণের পর তাকে উদ্ধার করতে এক মায়ের মরিয়া লড়াইকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে প্রতিশোধ এবং আত্মত্যাগের গল্প উঠে এসেছে। তবে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।