অভিনেতা তুষার কপূরের কাছে হুমকি ফোন! চাওয়া হল ৫ কোটি টাকা, অভিযোগ এমনই। শুধু তা-ই নয়, ফোনের ও পারে লরেন্স বিশ্নোই ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশের অপরাধদমন শাখার আধিকারিকদের সন্দেহ, পুরোটাই ভুয়ো। অর্থাৎ বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে পরিচয় দিলেও তা মিথ্যা। আদতে ভুয়ো হুমকি ফোন করা হয়েছিল অভিনেতাকে।
অভিযোগ, ফোনে নিজেকে লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিলেন এক ব্যক্তি। অভিনেতার কাছে ৫ কোটি টাকা (প্রায় ১৫ লক্ষ ডলার) দাবি করেন ওই ব্যক্তি। কিন্তু মুম্বই পুলিশের অপরাধদমন শাখার প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ফোনটি ভুয়ো হতে পারে। বিশ্নোই গোষ্ঠীর নাম ও পরিচিতিকে কাজে লাগিয়ে অভিনেতাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।
জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কয়েক দিন পরই এই হুমকি ফোনের ঘটনা সামনে আসে। টাইগারের উপর হামলার তদন্ত করছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। তুষারের তরফে হুমকি ফোন নিয়ে অভিযোগ জমা পড়ার পর মামলাটির তদন্তভার দেওয়া হয় অপরাধদমন শাখার ‘অ্যান্টি এক্সটরশন সেল’কে।
তদন্তকারীরা ফোনের রেকর্ডিং পরীক্ষা করেন। পাশাপাশি, হ্যারি বক্সারের যে অডিয়ো নমুনা রয়েছে তাঁদের কাছে ইতিমধ্যেই, তার সঙ্গে ফোনে কথা বলা ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। প্রাথমিক বিশ্লেষণে দু’টি কণ্ঠস্বরের মধ্যে মিল পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ফোনের কণ্ঠস্বর না মেলায় হুমকি ফোনটি ভুয়ো বলে সন্দেহ করা হচ্ছে। ফোনটি কে করেছিলেন এবং হুমকির উৎস কোথায়, তা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি।