রশ্মিকা মন্দানার আগামী ছবি ‘মাইসা’ ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির গান ‘ও মাইসা রে’। গানে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তবর্ণা রূপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গানটি প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে তা পোস্ট করেন রশ্মিকার স্বামী বিজয় দেবরকোন্ডা। স্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবির শুটিংয়ে তাঁর কঠোর পরিশ্রমের কথাও তুলে ধরেন অভিনেতা।
কিছু দিন আগেই রশ্মিকা ও বিজয় বিতর্কে জড়িয়েছিলেন। ‘কফি উইথ কর্ণ’-তে তাঁদের দেখে নেটাগরিকের একাংশের দাবি ছিল, রশ্মিকা ভালবাসেন বিজয়কে। আর বিজয় নিজেকেই ভালবাসেন। বিজয়কে নাকি ১০০ বার বিয়ের প্রস্তাব দিয়ে রাজি করিয়েছিলেন রশ্মিকা। এই ঘটনা জানিয়েই সমালোচিত হন তাঁরা। তবে এ বার স্ত্রী রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ বিজয়।
রক্তবর্ণা রশ্মিকা।
গানের ভিডিয়োয় ত্রিশূল মুখে রশ্মিকাকে নাচতেও দেখা গিয়েছে। সেই ভিডিয়ো পোস্ট করে বিজয় লেখেন, “এই গানটির জন্য নিজেকে এতটাই উজাড় করে দিয়েছিলে যে চোট পর্যন্ত পেয়েছিলে। তবে আমার বিশ্বাস, ‘মাইসা’ তোমার জীবনের অন্যতম স্মরণীয় ছবি হয়ে থাকবে। বড়পর্দায় ছবিটি দেখার জন্য আর তর সইছে না।”
বিজয়ের এই বার্তা থেকেই স্পষ্ট, ছবির জন্য কতটা পরিশ্রম করেছেন রশ্মিকা।
স্বামীর পোস্টের উত্তর দিতেও দেরি করেননি অভিনেত্রী। বিজয়ের বার্তার জবাবে রশ্মিকা লেখেন, “বিজ্জু, এই ছবিটি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। একই সঙ্গে খুব ভয়ও করছে।”
উল্লেখ্য, ২০২৬ সালের জুলাই মাসে ‘মাইসা’ ছবির শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন অভিনেত্রী। পরে নিজেই সেই চোটের বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন তিনি। কয়েক সপ্তাহ বিশ্রাম ও চিকিৎসার পর সুস্থ হয়ে আবার কাজে ফিরেছিলেন রশ্মিকা।
‘মাইসা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। ছবির পরিচালক রবীন্দ্র পুল্লে। আদিবাসী এলাকার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে অভিনেত্রীকে এমন এক চরিত্রে দেখা যাবে, যার জন্য শারীরিক ভাবে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তাঁকে। আগামী ২৭ নভেম্বর একই সঙ্গে তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মলায়লম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘মাইসা’র।