Advertisement
E-Paper

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ মানেই ‘রেড ফ্ল্যাগ’! স্ত্রী শীতলের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখতে কী করেন বিক্রান্ত?

বিয়ের পরেও প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ কিংবা বন্ধুত্ব রাখার বিরোধী বিক্রান্ত। প্রাক্তনদের কেন ‘রেড ফ্ল্যাগ’ বললেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৭:৪৩
(বাঁ দিকে) শীতল ঠাকুর, (ডান দিকে) বিক্রান্ত ম্যাসি।

(বাঁ দিকে) শীতল ঠাকুর, (ডান দিকে) বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত।

‘টুয়েলভ্‌থ ফেল’ তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। তাঁর ‘সবরমতী এক্সপ্রেস’ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রশংসা করেছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন বিক্রান্ত ম্যাসি। নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখেননি বিশেষ। এ বার মুখ খুললেন জীবনে প্রাক্তনদের উপস্থিতি নিয়ে। বিক্রান্ত জানান, বিয়ের পরেও প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা বন্ধুত্ব রাখার বিরোধী তিনি। শুধু তা-ই নয়। প্রাক্তনদের তিনি ‘রেড ফ্ল্যাগ’-এর তকমাও দিলেন। কেন?

২০২২ সালে দীর্ঘদিনের বান্ধবী শীতল ঠাকুরকে বিয়ে করেন বিক্রান্ত। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। বলিউডের সুখী দম্পতি বলেই পরিচিত তাঁরা। বিক্রান্ত জানান, তিনি ভাগ্যবান। কারণ, বর্তমান সময়ের সম্পর্কের জটিলতা বোঝার আগেই তিনি শীতলকে জীবনে পেয়েছেন। এখন সম্পর্ক ভেঙে গেলেও অনেকেই তাঁদের প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। এই সিদ্ধান্তের একেবারেই পক্ষপাতী নন বিক্রান্ত। সম্প্রতি নিজের আসন্ন সিরিজ় ‘মুসাফির ক্যাফে’-র প্রচারে এসে সে কথা অকপটে বলেন তিনি।

বিক্রান্তের কথায়, ‘‘প্রাক্তনের সঙ্গে গলাগলি বন্ধুত্ব রাখাটা, বর্তমান সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ‘রেড ফ্ল্যাগ’।’’ বিক্রান্ত আর শীতল দু’জনেই নিজেদের অতীতকে অতীত হিসাবেই রেখেছেন। অভিনেতার সাফ বার্তা, জেনেশুনে পুরনো কাসুন্দি ঘাঁটার অভ্যাস তাঁদের দু’জনের কারও নেই। বিক্রান্ত জানান, তিনি ভীষণ প্রাচীনপন্থী মানুষ। তিনি বর্তমান সময়ের ‘ডেটিং’য়ের ধরন পছন্দ করেন না। তবে তিনি নিশ্চিন্ত শীতলের মতো একজন মানুষকে পেয়ে। বিক্রান্ত জানান, স্ত্রী শীতলের জন্য হিমাচল প্রদেশে একটি ক্যাফে খোলার ইচ্ছা রয়েছে তাঁর। কারণ, শীতল হিমাচলের মেয়ে।

Vikrant Massey Bollywood Actor red flags

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy