শাহরুখ খানের বিনয়ী স্বভাবে মুগ্ধ বিবেক ওবেরয়। অভিনেতার মতে, এত বড় তারকা হয়েও শাহরুখের মধ্যে কোনও অহঙ্কার নেই। একটি ঘটনার কথা মনে করে বিবেক জানান, এক অনুষ্ঠানে শাহরুখ তাঁর ছেলে আব্রামের সঙ্গে মাটিতে বসেছিলেন। সেখানে ছিল আরও ছোট ছোট পড়ুয়া। পাশাপাশি নিজেকে শাহরুখভক্ত বলেও জানান বিবেক।
এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি শাহরুখ খানের বড় ভক্ত। স্কুল-কলেজের সময় থেকেই তাঁর ছবি দেখতে ভালবাসি। ছবি হোক বা জীবন, নানা বিষয় নিয়ে তাঁর ভাবনা আমাকে সবসময় মুগ্ধ করেছে। পরে তাঁকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পথপ্রদর্শক হিসাবে চেনার সুযোগ হয়েছে। তিনি সবসময় আমাকে শুধু ভালবাসাই দিয়েছেন। আমি অন্যদের থেকে অনুপ্রেরণা নিতে ভালবাসি। শাহরুখের মতো মানুষ সত্যিই অসাধারণ। তিনি এত বড় মাপের তারকা। তবু ছোটদের সঙ্গে মাটিতে বসে সময় কাটিয়েছিলেন এক অনুষ্ঠানে। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা আর পড়ুয়াদের সঙ্গে গল্প করলেন। সত্যিই মন জিতে নিয়েছেন তিনি।”
বিবেক জানান, সেই মুহূর্তই তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। তার পর থেকেই শাহরুখের প্রতি তিনি আরও মুগ্ধ।
তবে এর আগে অন্য এক সাক্ষাৎকারে অন্য রকম মন্তব্য করেছিলেন বিবেক। তাঁর মতে, খ্যাতি ক্ষণস্থায়ী। তাই ভবিষ্যৎ প্রজন্ম শাহরুখ খানকেও মনে রাখবেন না বলে দাবি করেছিলেন বিবেক। এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, “১৯৬০ সালের ছবিতে কারা অভিনয় করেছিলেন, তা নিয়ে আজকের মানুষের কোনও মাথাব্যথা রয়েছে? অবশ্যই ইতিহাস থেকে সব মুছে যাবে। ২০৫০ সালে লোকে এই প্রশ্নও করতে পারে, ‘কে শাহরুখ খান?’”
তিনি আরও বলেছিলেন, “আজকের যুগের মানুষ যেমন ভাবতে পারেন, ‘কে রাজ কপূর?’ আমি-আপনি ওঁকে চলচ্চিত্রের ঈশ্বর বলতে পারি। কিন্তু আজকের যুগে রণবীর কপূরের কোনও অনুরাগীকেই জিজ্ঞেস করে দেখুন। তাঁরাও হয়তো রাজ কপূরকে চিনতে পারবেন না। ইতিহাস এ ভাবেই আমাদের সবাইকে মুছে দেয়।”