নতুন ছবি ‘রামায়ণ’-এর প্রচারে সম্প্রতি ‘সান দিয়েগো কমিক-কন’-এ হাজির ছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মলহোত্র, অভিনেতা রণবীর কপূর এবং যশ। সেখানেই ছবির শুটিংয়ের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁরা। বিশেষ করে রাবণের চরিত্রে নিজেকে কী ভাবে প্রস্তুত করতেন, তা নিয়ে মুখ খোলেন দক্ষিণী তারকা যশ।
রাবণের চরিত্রে নিজেকে নিমজ্জিত করতেন কী ভাবে? সেই প্রশ্নের উত্তরে যশ জানান, প্রতিদিন শুটিং ফ্লোরে পৌঁছে তাঁর ভারী মুকুট পরার পরেই চরিত্রের আবহে ঢুকে যেতেন তিনি। সেই সময়ে পরিচালক নীতেশ মনে করিয়ে দেন যশের গান শোনার অভ্যাসের কথা। সঙ্গে সঙ্গে অভিনেতা মজা করে বলেন, “আমি বোধহয় গোটা সেটের পরিবেশটাই নষ্ট করে দিতাম! এমনিতে আমি খুবই গম্ভীর থাকতাম।”
অন্য দিকে রণবীর জানান যে, এখনও পর্যন্ত যশের সঙ্গে তাঁর কোনও দৃশ্যের শুটিং হয়নি। তবে যাঁরাই কন্নড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে রণবীরও নাকি শুনেছেন যে, অভিনেতা নিজের গান দিয়ে পুরো সেটের পরিবেশই বদলে দিতেন।
এর পরেই যশ বলেন, “আমি বড় বড় স্পিকার নিয়ে সেটে যেতাম এবং খুব জোরে গান চালিয়ে দিতাম। নিজেকে সেই মানসিক অবস্থায় নিয়ে যেতাম। শিবের ভক্তিমূলক গান বাজাতাম। রাবণ তো মহাদেবের একনিষ্ঠ ভক্ত। সেই ভাবের মধ্যেই থাকতে চাইতাম। ফলে অন্যদেরও বাধ্য হয়ে ওই সজোরে বাজতে থাকা গানের মধ্যেই কথা বলতে হত।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১৮ জুলাই নয়াদিল্লিতে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে প্রথম বার দেখানো হয়েছিল ‘রামায়ণ’-এর প্রচার-ঝলক। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচার-ঝলকের একাধিক অংশ সমাজমাধ্যমে ফাঁস হয়ে যায়। ২৩ জুলাই ‘সান দিয়েগো কমিক-কন’-এও প্রচার-ঝলক প্রদর্শনের পরে ফের অনলাইনে ছড়িয়ে পড়ে তার একাধিক অংশ। এর পরেই দর্শকের জন্য প্রচার-ঝলকের আনুষ্ঠানিক মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। ২৪ জুলাই দর্শকের সামনে সেই ঝলক আসার কথা থাকলেও সেই তারিখ বাতিল করা হয়।
নীতেশ পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর অভিনয় করছেন রামের চরিত্রে, সাই পল্লবী রয়েছেন সীতার ভূমিকায় এবং যশ রয়েছেন রাবণের চরিত্রে। এ ছাড়াও রয়েছেন রবি দুবে, সনী দেওলের মতো অভিনেতারা। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালে।