Advertisement
E-Paper

প্যাকেটে মিথ্যা প্রচারে ১ লক্ষ টাকা জরিমানা, পাউরুটি যে আটারই বুঝবেন কী ভাবে?

আটা বা মাল্টিগ্রেন পাউরুটি ভেবে যা কিনছেন, তা আদৌ খাঁটি কি? সম্প্রতি বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ব্রিটানিয়াকে কোম্পানিকে। কী ভাবে বুঝবেন পাউরুটি আটার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২০:৪৪
পাউরুটি যে পুরোপুুরি আটা দিয়েই তৈরি, বুঝবেন কী ভাবে?

পাউরুটি যে পুরোপুুরি আটা দিয়েই তৈরি, বুঝবেন কী ভাবে? ছবি:সংগৃহীত।

ময়দার রুটি বাদ দিয়ে স্বাস্থ্যসচেতন মানুষজন এখন আটা, রাগির পাউরুটি খান। সাদা পাউরুটির বদলে বেশি দাম দিয়ে ব্রাউন ব্রেড, গমের আটার রুটি বা মাল্টিগ্রেন পাউরুটির খাওয়ার চল বেড়েছে। চিকিৎসকেরাও বলছেন, ময়দার জিনিস বেশি খাওয়া ভাল নয়। তা স্বাস্থ্যকর নয়। কিন্তু দাম দিয়ে আটার বা ব্রাউন ব্রেড ভেবে যা কিনছেন বা খাচ্ছেন, তা খাঁটি কি?

সম্প্রতি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে এক পাউরুটি প্রস্তুতকারক ১ লক্ষ টাকা জরিমানা করেছে ক্রেতাসুরক্ষা নিয়ন্ত্রক (সিসিপিএ)। পাউরুটির মোড়কে সংস্থা দাবি করেছিল সেটি ১০০শতাংশ গমের আটা থেকে তৈরি। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তদন্তে দেখা গিয়েছে, পণ্যটিতে ৬২শতাংশ গমের আটা রয়েছে। বাকি ৩৮ শতাংশ অন্যান্য দ্রব্য দিয়ে তৈরি। সিসিপিএ-র অভিযোগ, ১০০ শতাংশ আটার রুটি মোড়কে লেখা দেখলে ক্রেতা ভাববেন পুরোটাই গমের আটা দিয়ে তৈরি। আদতে তা নয়।

প্যাকেটের মোড়কে ‘সম্পূর্ণ গমের আটা’ বা ‘হোল হুইট আটা’ দেখে ভুললেই বিপদ। কারণ তা নিছক বিজ্ঞাপনি চমক হতে পারে।

১. তালিকায় কী দেখবেন

উপকরণ তালিকায় যদি 'সম্পূর্ণ গমের আটা' লেখা থাকে, তা হলে সেটি বাছতে পারেন। ‘ময়দা’ বা ‘রিফাইন্ড ফ্লাওয়ার’ তালিকার উপরের দিকে থাকে, তবে বুঝতে হবে এতে যথেষ্ট পরিমাণে ময়দা রয়েছে। তবে শুধু ক্রম দেখে ঠিক কত শতাংশ আটা আছে তা জানা যায় না। এ জন্য প্যাকেটে নির্দিষ্ট শতকরা হার দেখতে হবে।

২. ময়দা আছে কি না যাচাই করা

উপাদানের পুরো তালিকা পড়ে দেখুন কোথাও ‘ময়দা’ বা ‘ রিফাইন্ড ফ্লাওয়ার’ লেখা আছে কি না। ‘ময়দামুক্ত’ এবং ‘১০০ শতাংশ গমের আটা’ এক জিনিস নয়। ময়দামুক্ত, মানে এতে কোনও পরিশোধিত ময়দা মেশানো হয়নি। '১০০ শতাংশ গমের আটা'-র অর্থ হল, প্রস্তুতকারক সংস্থা দাবি করছে যে, পাউরুটিতে আটাই ব্যবহার হয়েছে।

৩. পাউরুটির নাম ও সরকারি নিয়ম

হোল হুইট ব্রেড: খাদ্য নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, ব্যবহৃত মোট আটা বা ময়দার অন্তত ৭৫ শতাংশ সম্পূর্ণ গমের আটা হওয়া বাধ্যতামূলক।

ব্রাউন ব্রেড: এতে ব্যবহৃত আটা বা ময়দার অন্তত ৫০ শতাংশ গমের আটা থাকতে হবে। অর্থাৎ, সব ব্রাউন ব্রেডই শুধু আটার তৈরি নয়, আর 'হোল হুইট ব্রেড' মানে পাউরুটি পুরোপুরি আটার তৈরি না-ও হতে পারে।

৪. ফাইবারের পাশাপাশি অন্যান্য পুষ্টিগুণ দেখা

গমের ভুষি ও ভিতরের পুষ্টিকর অংশ অক্ষত থাকায় আটার পাউরুটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। শুধু ফাইবার দেখলেই চলবে না, পাউরুটিতে কতটা নুন এবং চিনি মেশানো রয়েছে, সেটাও দেখা জরুরি।

৫. রং দেখে পাউরুটি বিচার না করা

পাউরুটি দেখতে গাঢ় বাদামি বা খয়েরি হলেই সেটি স্বাস্থ্যকর আটার তৈরি— এমন ভাবা ভুল। অনেক সময় সাদা পাউরুটিতেই ক্যারামেল বা গুড় মিশিয়ে কৃত্রিম ভাবে বাদামি রং তৈরি করা হয়।

৬. পাউরুটি কি কখনও ১০০ শতাংশ আটার হতে পারে?

পাউরুটি তৈরি করতে জল, ইস্ট ও নুনের প্রয়োজন হয়। তাই পাউরুটি শুধুই আটায় তৈরি হওয়া সম্ভব নয়। তা ছাড়া, ক্রেতারা যাতে বিভ্রান্ত না হন, সেজন্য সরকারি খাদ্য সুরক্ষা নির্দেশিকায় পণ্যের প্যাকেটে এমন অনির্দিষ্ট ‘১০০ শতাংশ’ দাবির ব্যবহার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সহজ নিয়ম: প্যাকেটের পিছনে উপাদানের তালিকায় প্রথমে সম্পূর্ণ গমের আটা আছে কি না এবং ময়দা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কি না, দেখে নিন। সরকারি নিয়ম অনুযায়ী ‘হোল হুইট ব্রেড’ নাম ব্যবহার করতে হলে ৭৫ শতাংশ গমের আটা থাকতেই হবে।

Brown Bread

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy