পেটের গোলমাল বা ঘন ঘন ডায়ারিয়া অনেককেই ভোগাচ্ছে। এর জন্য অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া বা দূষিত জলকেই দায়ী করা হচ্ছে। তবে চিকিৎসকেরা বলছেন, পেটের গোলমাল বা অত্যধিক দুর্বলতা, মাঝেমধ্যেই জ্বর হওয়া, এর কারণ নিছক খাদ্যাভ্যাস বা ব্যাক্টেরিয়া-ভাইরাসের সংক্রমণ নয়। শরীরে এক বিশেষ খনিজের ঘাটতি হলে এমনটা হতে পারে। সেই খনিজটি হল জ়িঙ্ক। শরীরের রোগপ্রতিরোধ শক্তি বৃদ্ধিতে এর বিশেষ ভূমিকা রয়েছে। জ়িঙ্কের ঘাটতি হলেই নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
শরীরে জ়িঙ্কের ঘাটতি হলে কী কী শারীরিক সমস্যা হতে পারে?
শরীরের জ়িঙ্কের ঘাটতি হলে রোগপ্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে। রক্তে শ্বেতকণিকার কার্যক্ষমতা কমে যায়, ফলে ঘন ঘন ঠান্ডা লাগা, কাশি, নিউমোনিয়া বা অন্যান্য সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।
ক্ষত শুকোতে অতিরিক্ত দেরি হয়। ত্বকের কোষের পুনর্গঠনে ও কোলাজেন তৈরিতে জ়িঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে এই খনিজের ঘাটতি থাকলে কেটে যাওয়া বা পোড়া ক্ষত শুকোতে দেরি হয়।
আরও পড়ুন:
জ়িঙ্ক বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলে এই খনিজের ঘাটতি হলে বদহজম, ডায়ারিয়া, ঘন ঘন পেটের গোলমাল ভোগাতে পারে।
চুল ও ত্বকের কোষের পুনর্গঠনেও জ়িঙ্ক প্রয়োজন। এর ঘাটতি হলে অতিরিক্ত চুল পড়া, মাথার ত্বক খসখসে হয়ে যাওয়া, ব্রণ, র্যাশের সমস্যা, এগজ়িমার মতো চর্মরোগ হতে পারে।
স্বাদ ও গন্ধ পাওয়ার অনুভূতি নিয়ন্ত্রণকারী উৎসেচকগুলিকে নিয়ন্ত্রণ করে জ়িঙ্ক। এর ঘাটতি হলে গন্ধ পাওয়ার ক্ষমতা কমে যায়, খাবারও বিস্বাদ লাগতে শুরু করে।
নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়া এবং নখের উপর ছোট ছোট সাদা ছোপ ফুটে ওঠাও জ়িঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে।
শিশুদের বাড়ন্ত বয়সে জ়িঙ্ক অত্যাবশ্যকীয়। এর ঘাটতি হলে শিশুর ওজন ও উচ্চতা সঠিক অনুপাতে বাড়তে পারে না।
জ়িঙ্কের ঘাটতির কারণে মনোযোগের অভাব, অতিরিক্ত ক্লান্তি এবং হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়।
খিদে কমে যাওয়া, কোনও কারণ ছাড়াই ওজন কমতে থাকাও জ়িঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে।
জ়িঙ্কের ঘাটতি দূর করতে কেবল সাপ্লিমেন্ট খেলে হবে না। রাজমা, কাঁচা মুগ, ছোলা, কাবুলিছোলার মতো শস্যে খেলেও প্রচুর পরিমাণে জিঙ্ক পাবেন। তবে এগুলি কাঁচা খেলে পেট ফুলে যাওয়ার একটা সমস্যা দেখা যায়। তাই সেদ্ধ করে বা জলে ভিজিয়ে খেতে পারেন। তা ছাড়া ডিম, লিন মিট যেমন মাছ, চিকেন খেতে পারেন। নানা রকম বাদাম ও বীজও রাখতে হবে রোজের খাদ্যতালিকায়। আলু, মাশরুম, বিনের মতো সব্জিতেও অল্প পরিমাণে জ়িঙ্ক থাকে। তাই এগুলিও বাদ দিলে চলবে না।