Advertisement
E-Paper

সাধারণ কেটে বা ছড়ে যাওয়াও হতে পারে প্রাণঘাতী, চিনে নিন সেপসিসের গোপন সঙ্কেত

সামান্য আঁচড় থেকেও হতে পারে অঙ্গ বিকল! সেপসিসের যে লক্ষণগুলি দেখামাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৭
Don\\\'t Ignore the Scrape, recognizing the Early Symptoms of Sepsis

ছোট আঁচড়ও হতে পারে প্রাণঘাতী, অজান্তেই বাসা বাঁধেনি তো সেপসিস। ছবি: ফ্রিপিক।

সেপ্টিসেমিয়া বা সেপসিস কথাটা অপরিচিত নয়। যে কোনও সংক্রমণ থেকে সেপসিস হতে পারে এই আশঙ্কার কথা চিকিৎসকেরাই বলেন। শরীরের যে কোনও অঙ্গের সংক্রমণ সেপসিসের আকার ধারণ করতে পারে। সাধারণত ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে সেপ্টিসেমিয়ার কথা বলা হয়। কিন্তু চিকিৎসকেরা বলছেন, সাধারণ কেটে যাওয়া, ছড়ে যাওয়া এমনকি আঁচড় লাগার ক্ষত থেকেও রক্তে বিষক্রিয়া হতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হতে হবে।

কেন হয় সেপসিস?

শরীরের যে কোনও ক্ষতস্থানের পরিচর্যা যদি ঠিকমতো না হয় বা কোনও রোগের চিকিৎসায় দেরি হয়, তা হলে শরীরে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ঘটে। ব্যাক্টেরিয়াকে প্রতিহত করতে শরীরে বিশেষ প্রকার প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনের সঙ্গে ব্যাক্টেরিয়ার রাসায়নিক বিক্রিয়া ঘটে। তবে যদি শরীরে ব্যাক্টেরিয়া বা ক্ষতিকর জীবাণুর সংখ্যা বেড়ে যায়, তা হলে প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তখন টক্সিন তৈরি হয় শরীরে যা রক্তপ্রবাহে বাহিত হয়ে নানা অঙ্গে গিয়ে জমা হয়। ফলে সেই অঙ্গগুলির কার্যকারিতা কমতে থাকে।

সেপসিসের কারণে রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে থাকে, ফলে শরীরে তীব্র প্রদাহ হয়। হার্টের রোগী, ডায়াবিটিসের রোগী বা লিভার ও কিডনির রোগ আগে থেকেই থাকলে, সেপসিসে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

ক্যানসারের চিকিৎসা চলছে এমন রোগী, এইচআইভির রোগী, বয়স্ক ব্যক্তি বা শিশুদের ক্ষেত্রে সামান্য সংক্রমণ থেকেও সেপসিস হওয়ার আশঙ্কা থাকে।

কী কী লক্ষণ দেখে সতর্ক হতে হবে?

শরীরের তাপমাত্রা মারাত্মক ভাবে বেড়ে যাবে। ঘন ঘন জ্বর আসবে। অথবা শরীর ঠান্ডা হতে থাকবে। হাত-পা অসাড় হয়ে যাবে।

কেটে যাওয়া জায়গায় যদি ঘা, পুঁজ বা রক্ত বার হওয়ার লক্ষণ দেখা দেয়, তা হলে সতর্ক হতে হবে। সেই সঙ্গেই হৃৎস্পন্দন অনিয়মিত হতে থাকবে, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেবে।

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাব একেবারেই না হওয়া, মলের সঙ্গে রক্ত বার হওয়ার লক্ষণ দেখা দেবে।

ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ছোপ ছোপ দাগ দেখা দেওয়া বা সারা গায়ে র‌্যাশ বেরিয়ে যাওয়ার লক্ষণ দেখা দেবে।

রক্তে শর্করার পরিমাণ বেড়ে বা কমে যাবে, ফলে আচমকা সুগার লেভেল কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, সেই সঙ্গেই রোগীর মারাত্মক খিঁচুনি হতে থাকবে।

মানসিক বিভ্রান্তি দেখা দেবে, রোগী অসংলগ্ন কথাবার্তা বলবেন, অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণও দেখা দেবে। সেপসিসের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Sepsis Infections Kidney Disease liver diseases

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy