দুই সন্তানের মা। বয়স পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। চেহারায় মেদের লেশমাত্র নেই শিল্পা শেট্টির। তাঁর ফিটনেস নিয়ে আলোচনা হয় সর্বত্র। সুস্থ জীবনযাপনের জন্য তিনি কোনও জটিল নিয়মে বিশ্বাসী নন। বরং ঘুম, শারীরচর্চা এবং ঘরের খাওয়ার উপরেই ভরসা রাখেন বেশি। ওজন কমানো হোক বা হরমোনের গোলমালে নানা শারীরিক সমস্যা দূর করতে কী ধরনের ব্যায়াম করা ভাল, সে নিয়ে মাঝেমধ্যেই নানা পরামর্শ দিতে দেখা যায় অভিনেত্রীকে। বিভিন্ন ধরনের ব্যায়ামের পদ্ধতিও শেখান তিনি। সে স্ট্রেংথ ট্রেনিং হোক বা যোগাসন— শারীরচর্চার যে কোনও ধরনেই তিনি সিদ্ধহস্ত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক বিশেষ রকম ব্যায়ামের পদ্ধতি শিখিয়েছেন শিল্পা। সেটি করলে খুব তাড়াতাড়ি ওজন কমবে বলে দাবিও করেছেন তিনি।
জিমে গিয়ে ভারী ওজন তুলে ব্যায়াম বা ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা ছুটতে রাজি নন যাঁরা, তাঁদের জন্যই এই ব্যায়াম। শিল্পা জানিয়েছেন, ঘরে যে কোনও সময়ে এট করা যাবে। ওজন তো কমবেই, পাশাপাশি চেহারার গড়ন সুন্দর হবে, পিঠ ও কোমরের ব্যথা কমে যাবে এবং যে কোনও রকম উদ্বেগও কমবে। ব্যায়ামটির নাম ‘টাইগার পোজ়’। যোগাসনে এর নাম ব্যাঘ্রাসন।
কী ভাবে করতে হবে?
প্রথমে ম্যাটের উপরে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করতে হবে। দুই হাতের তালু মাটিতে থাকবে। পিঠ থাকবে মাটির সমান্তরালে।
আরও পড়ুন:
এই ভঙ্গিতে থেকে শ্বাস নিতে নিতে ডান পা উপরে তুলতে হবে। হাঁটু ভাঁজ করে পা যতটা সম্ভব তুলে মাথার কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে।
এর পর শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা নীচে নামিয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছে আনার চেষ্টা করতে হবে।
একই সঙ্গে মাথাও হাঁটুর কাছে নামিয়ে আনতে হবে। পিঠ উঁচু হয়ে থাকবে। এই ভাবে এক রাউন্ড সম্পূর্ণ হবে। এই অবস্থানে ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে।
পা বদলে ২০-৩০ সেকেন্ড করে চার থেকে পাঁচ বার আসনটি অভ্যাস করতে হবে।
কাদের জন্য ভাল?
ব্যাঘ্রাসন অভ্যাসে পেট ও কোমরের মেদ খুব তাড়াতাড়ি কমে। শিল্পা জানিয়েছেন, ওজন দ্রুত কমাতে চান যাঁরা, কিন্তু জিমে যেতে চান না, তাঁরা নিয়মিত আসনটি করলে উপকার পেতে পারেন। টাইগার পোজ় বা ব্যাঘ্রাসন খুব ভাল স্ট্রেচিংও। বিশেষ করে মহিলাদের জন্য আসনটি খুবই কার্যকর। চল্লিশ পেরিয়ে হরমোনের গোলমালে যাঁরা নাজেহাল, তাঁরা আসনটি অভ্যাস করলে উপকার পাবেন।
টাইগার পোজ় অভ্যাসে পিঠ ও কোমরের ব্যথাও কমে। সায়াটিকার ব্যথা থাকলে তা দূর হবে। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা নিয়ন্ত্রণেও আসনটি কার্যকর। একটানা অফিসের চেয়ারে বসে কোমর ও পিঠে যন্ত্রণা হলে এই আসন করলে উপকার পাবেন।