Advertisement
E-Paper

বল নিয়ে মজার ব্যায়াম, তাতেই কমবে হাতের বাত, কব্জির ব্যথা, সহজ পন্থা শেখালেন শিল্পা শেট্টী

পুজোর আগেই সারিয়ে ফেলুন হাতের ব্যথা। হাতের মেদ কমাতেও উপযোগী এইসব ব্যায়াম। বল নিয়ে কিছু সহজ কসরত শিখিয়ে দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১২:৫২
How Simple Ball Workouts Combat Hand Fat and Stiff Joints

হাতের মেদ কমবে, ব্যথাও, বল নিয়ে কী ভাবে করবেন ব্যায়াম? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যস্ত সময়ে ঘড়ি ধরে শারীরচর্চা করা অনেকের কাছেই প্রায় অসম্ভব একটি ব্যাপার। তার উপর আলস্যও ষোলোআনা। কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের নাম শুনলেই গায়ে জ্বর আসে। সহজ পন্থায় কী কী ব্যায়াম করা যায়, যাতে কায়িক পরিশ্রম কম হবে আবার লাভও হবে, তা নিয়ে ইন্টারনেটে বিস্তর খোঁজাখুঁজি চলে। এই সমস্যার সমাধান করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টী। বল নিয়ে এমন কিছু কসরত শেখাচ্ছেন তিনি, যা নিয়ম করে করতে পারলে, যেমন হাতের ব্যথা কমবে তেমনই হাতের মেদও ঝরে যাবে। পাশাপাশি, ক্লান্তি কাটবে, চাঙ্গা হবে মস্তিষ্ক।

দিনভর মোবাইল ঘাঁটলে বা কম্পিউটার-ল্যাপটপে কাজ করলে কব্জিতে ব্যথা হয়ই। টনটন করে আঙুলও। বিশেষ করে মহিলাদের এই সমস্যা বেশি হয়। বিশেষ করে অস্টিয়োআর্থ্রাইটিস থাকলে আঙুলের ডগায় বা বৃদ্ধাঙ্গুষ্ঠের হাড়ে যন্ত্রণা বেশি হয়। তখন হাত দিয়ে কিছু ধরতে কষ্ট হয়। বল নিয়ে ব্যায়ামে এই ধরনের ব্যথাবেদনারও উপশম হতে পারে। তবে সঠিক নিয়মে ব্যায়ামগুলি করতে হবে।

বল ক্যাচ অ্যান্ড ব্যালেন্স ড্রিল

সোজা হয়ে দাঁড়ান। কাউকে বল ছুড়ে দিতে বলুন বা দেওয়ালের দিকে টেনিস বল ছুড়ে দু'হাতে ক্যাচ ধরার চেষ্টা করুন। দক্ষতা বাড়লে এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য রেখে ক্যাচ ধরুন। এই ব্যায়ামে হাতের মেদ কমবে।

স্ট্রেস বল স্কুইজ়

হাতের তালুতে একটি নরম স্মাইলি বা স্ট্রেস রিলিজ় জেল বল নিন। আঙুল দিয়ে বলটি শক্ত করে চেপে ধরুন ৫ সেকেন্ড, তার পর ধীরে ধীরে ছেড়ে দিন। প্রতি হাতে ১০-১৫ বার করে ব্যায়ামটি করুন। এতে যেমন হাতের ব্যথা সারবে, তেমনই ক্লান্তিও কেটে যাবে।

ফিঙ্গার টিপ প্রেসিং

দুই হাতের সব ক’টি আঙুলের ডগা দিয়ে একটি ছোট রবার বা স্মুথ বল চার পাশ থেকে চেপে ধরে রাখুন। ৫ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত চাপ দিয়ে বলটি ধরে রেখে ছেড়ে দিন। এই ব্যায়ামে কব্জি, আঙুলের ব্যথা সারবে। যাঁদের কোনও কিছু ধরতে গেলে হাত কাঁপে, তাঁরা ব্যায়ামটি করলে উপকার পেতে পারেন।

রিস্ট রোটেশন উইথ বল

হাতের তালুতে একটি বল শক্ত করে ধরে হাত সোজা করে সামনের দিকে বাড়িয়ে দিন। এ বার বলটি না ফেলে কব্জি ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ১০ বার করে ঘোরান। এই ব্যায়ামে যেমন কব্জির ব্যথা কমবে, তেমনই হাতের মেদও ঝরবে।

বল ব্যালান্স

সোজা হয়ে দাঁড়িয়ে বাঁ পা মাটি থেকে খানিকটা তুলুন। ডান হাতে বল ধরে রাখুন ৩০ সেকেন্ড। এ বার দু’হাতের মধ্যে বলটি নিয়ে মাথার উপরে তুলে একই ভাবে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। হাত নামিয়ে ৩০ সেকেন্ড রেখে বাঁ পা নামিয়ে এ বার ডান পা তুলে, বল বাঁ হাতে নিন। ৩০ সেকেন্ড ধরে রাখার পরে পুরো প্রক্রিয়াটি একই ভাবে করুন।

Ball Fitness Tips exercise tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy