আপনার কি রক্তচাপ বেশি? না কি ওঠানামা করে? বর্তমান জীবনশৈলীতে মানসিক চাপ যে ভাবে বাড়ছে, তাতে আর রক্তচাপ ঠিক থাকছে কই? কর্মক্ষেত্রের উদ্বেগ, সংসারের দায়দায়িত্ব পালন, ব্যক্তিগত সমস্যার বোঝা সামলাতে সামলাতে রক্তচাপ কখনও ঊর্ধ্বে উঠছে, আবার কখনও নামছে। এর সঙ্গেই ধূমপান, মদ্যপান, কায়িক পরিশ্রম কমে আসা, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তো আছেই। রোজ সকালে প্রেসারের ওষুধ না খেলেই মাথাঘোরা, ক্লান্তি, শ্বাসের সমস্যা অনেকেরই হয়। যদি ওষুধের উপর নির্ভরতা কমাতে হয়, তা হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে পরিশ্রমের ব্যায়াম নয়। ঘরে বসে ৩টি মুদ্রা অভ্যাসেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, মানসিক চাপ কমবে এবং মনও ফুরফুরে থাকবে।
কোন কোন মুদ্রা অভ্যাসে রক্তচাপ বশে থাকবে?
প্রাণ মুদ্রা
প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। দুই হাতের কনিষ্ঠা এবং অনামিকা একত্রিত করে বৃদ্ধাঙ্গুলের কাছাকাছি নিয়ে আসুন। খেয়াল রাখতে হবে, অন্যান্য আঙুল যেন ভাঁজ না হয়। এই ভাবে দু’টি হাঁটুর উপর দু’হাত রেখে মিনিট দশেক শান্ত হয়ে বসে থাকার চেষ্টা করুন।
আরও পড়ুন:
অপান বায়ু মুদ্রা
তর্জনী ভাঁজ করে বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় স্পর্শ করাতে হবে। মধ্যমা এবং অনামিকার সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ স্পর্শ করাতে হবে। কনিষ্ঠা একদম সোজা থাকবে। দুই হাতে এই মুদ্রায় যতক্ষণ সম্ভব থাকুন। এই সময়ে গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে।
সূর্য মুদ্রা
যোগাসন প্রশিক্ষকেরা বলেন ‘অগ্নিবর্ধক মুদ্রা’। ম্যাটের উপর সুখাসনে বসুন। পিঠ টানটান থাকবে। দুই হাতের অনামিকা ভাঁজ করে তার ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় স্পর্শ করান। বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অনামিকা ধরে রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে দুই হাত হাঁটুর উপর রেখে ১৫-২০ মিনিট মুদ্রাটি করতে হবে।