Advertisement
E-Paper

৪০ কেজি ওজন ঝরানোর পর চেনা দায়! বিজেপি নেত্রী খুশবু জাপানি পন্থায় খাবার খেয়ে বদল এনেছেন

খুশবু সুন্দরের ৪০ কেজি ওজন হ্রাসের কাহিনিতে কৃচ্ছ্রসাধন নয়, বরং নিয়ম মেনে খাওয়াদাওয়া করার কথাই বার বার উঠে এসেছে। ৫৬ বছরের অভিনেত্রী তথা রাজনীতিবিদ জাপানি এক পন্থায় খাওয়াদাওয়া করে লক্ষ্যভেদ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৩:৫৯
খুশবু সুন্দরের ৪০ কেজি ওজন হ্রাস।

খুশবু সুন্দরের ৪০ কেজি ওজন হ্রাস। ছবি: সংগৃহীত।

৫ বছর ধরে ধীরে ধীরে ওজন কমিয়েছেন খুশবু সুন্দর। ৪০ কেজি ওজন কমানোর কাহিনিতে কৃচ্ছ্রসাধন নয়, বরং নিয়ম মেনে খাওয়াদাওয়া করার কথাই বার বার উঠে এসেছে। ওজন কমাতে গেলেই প্রিয় খাবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, খুশবুর যাত্রায় অন্তত তেমন ছবি দেখা যায় না। তবে ৫৬ বছরের অভিনেত্রী তথা রাজনীতিবিদ জাপানি এক পন্থায় খাওয়াদাওয়া করে লক্ষ্যভেদ করেছেন বলে জানা গিয়েছে।

ওজন ঝরানোর সিদ্ধান্ত কেন নিলেন খুশবু?

ওজন ঝরানোর সিদ্ধান্ত কেন নিলেন খুশবু? ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের খাদ্যাভ্যাসের কথা বলতে গিয়ে খুশবু যে অভ্যাসটির কথা বলেছেন, তা জাপানে মেনে চলা হয়। ছোট থালায় বা বাটিতে খাবার খাওয়ার অভ্যাস। তাঁর কথায়, ‘‘সাধারণত আমরা বড় প্লেটে খাবার নিই এবং প্লেটে যতটা থাকে, তার অনেকটাই খেয়ে ফেলি। কিন্তু জাপানিরা কী ভাবে খান? ছোট বাটি ভর্তি করে খাবার নেন, সেটুকুই খান। আমাদের শরীরের ওইটুকু খাবারেরই প্রয়োজন। তার বেশি নয়।’’ খুশবুর পরামর্শ, যখন খিদে পাবে, তখনই খেতে হবে। সারাক্ষণ মুখ চালানোর দরকার নেই। খেতে হবে বলে খাওয়া বা চোখের খিদে মেটানোর জন্য খাওয়া— এই ভাবে আদপে খাবারের সঙ্গেই সম্পর্ক খারাপ হয়। এই পদ্ধতিতে প্রথমে কম পরিমাণ খাবার নেওয়া হয়। খাওয়ার পরও যদি সত্যিই খিদে থাকে, তখন আরও নেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ এক বারে বেশি খাবার নিয়ে ফেলার প্রবণতা কমে। তৃপ্তির সঙ্কেতের দিকে নজর দেওয়াই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এই পদ্ধতি মেনেই খাবার খেতেন বিজেপি নেত্রী। তিনি বলছেন, ‘‘জাপানিরা কিন্তু ৮০, ৯০ বছর বয়সেও এ ভাবেই খাবার খান। এই পদ্ধতিটি আবিষ্কার করার পর আমি এ ভাবেই খেয়েছি। আমার প্রয়োজনমতো পরিমাণে খাওয়ার জন্য ছোট একটি বাটি রাখা আছে বাড়িতে।’’

কী ভাবে ওজন ঝরালেন খুশবু?

কী ভাবে ওজন ঝরালেন খুশবু? ছবি: সংগৃহীত

এক সময়ে খুশবুর ওজন প্রায় ৯৮ কেজি হয়েছিল। নিজের অভিনীত একটি ছবি দেখার সময়ে নিজেকেই চিনতে পারেননি তিনি। তার উপর পুরনো চোটের কারণে হাঁটুতেও সমস্যা হচ্ছিল। সিঁড়ি দিয়ে ওঠানামা, হাঁটা— সবই কষ্টকর হয়ে উঠছিল। চিকিৎসকের পরামর্শে হাঁটুর উপর চাপ কমানোর জন্যই ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রায় পাঁচ বছর ধরে ধীরে ধীরে এই পরিবর্তনের পথে এগিয়ে শেষ পর্যন্ত প্রায় ৪০ কেজি ওজন কমিয়েছেন খুশবু।

অভিনেত্রী-রাজনীতিকের চেহারায় আমূল বদল দেখে অনুরাগীরা ভেবেছিলেন, নিশ্চয়ই কোনও ওষুধের সাহায্যে ছিপছিপে হয়েছেন খুশবু। আবার অনেকের ধারণা হয়েছিল, তিনি সম্ভবত জটিল কোনও অসুখে ভুগছেন, তাই এমন শীর্ণকায় হয়ে গিয়েছেন। কিন্তু সে সব জল্পনা-কল্পনাকে ফুৎকারে উড়িয়ে খুশবু জানিয়েছিলেন, খাদ্যাভ্যাস ও সক্রিয় থাকার উপর নির্ভর করেই ওজন ঝরিয়েছিলেন তিনি।

Khushbu Sundar weight loss journey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy