খুদের জেদ যেন বেড়েই চলেছে। কথায় কথায় রাগ। বায়নাও থামেই না। বকাবকি করলেই মুখ ভার। জেদ তখন আরও চেপে বসে। যত ক্ষণ না পছন্দের জিনিস হাতে পাচ্ছে, তত ক্ষণই চিৎকার চলে। পরিস্থিতি সামলাতে শেষে তার দাবি মেনে নিয়েই হাঁফ ছাড়েন বাবা-মা। আর সে থেকেই তাদের প্রতাশ্যা বাড়ছে। চাহিদা পূরণ না হলেই হতাশা, বিষণ্ণতা যা থেকে পরবর্তীয়ে সময়ে অবসাদও দানা বাঁধছে।
শিশুদের মানসিক সমস্যা আগে ছিল না তেমনটা নয়, তবে ইদানীং তা আরও জটিল পর্যায়ে পৌঁছেছে। কারণ, ছোটরা ডিজিটাল মাধ্যমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে। টিভির পর্দায়, ভিডিয়ো গেমের জগতে, এমনকি পরিবার ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে তারা নানা ভাবে হিংসার মুখোমুখি হচ্ছে। যৌন নির্যাতনের শিকারও হচ্ছে। সেই সব স্মৃতি পরবর্তী সময়ে গিয়ে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ়অর্ডার’-এর কারণ হয়ে উঠছে। ছোট থেকেই অবসাদের মুখোমুখি হচ্ছে অনেকে। এর থেকে রেহাই পেতে ছোটদের নিয়মিত যোগব্যায়াম করানো উচিত। মোবাইলের বিকল্প হতে পারে যোগাসন। এতে যেমন ডিজিটাল মাধ্যমে আসক্তি কাটবে, তেমনই শরীর ও মনও ভাল থাকবে।
ছোটদের মন ভাল রাখবে কোন কোন যোগাসন?
বালাসন
শিশুরা এই আসন সহজে অভ্যাস করতে পারে। অনেকে এই ভঙ্গিকে ‘হ্যাপি বেবি পোজ়’ নামেও চেনেন। প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে শুয়ে পড়তে হবে। এ বার দু’টি পা বুকের কাছাকাছি নিয়ে আসতে হবে। পিঠ যেন মাটিতে ঠেকে থাকে। এ বার দু’হাত দিয়ে দু’পায়ের পাতা ধরতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। কোমরের অংশ থেকে দু’হাতে পায়ের পাতা ধরে রেখেই ধীরে ধীরে কোমরের অংশ থেকে এক বার বাঁ দিকে, এক বার ডান দিকে নিয়ে যেতে হবে। অনেকটা শিশুর দোল খাওয়ার মতো। এই আসন অভ্যাস করলে শরীরের সমস্ত পেশি নমনীয় হবে এবং মনঃসংযোগও বাড়বে।
আরও পড়ুন:
ভুজঙ্গাসন
মাটির দিকে মুখ করে শুয়ে পড়তে হবে। এ বার কাঁধের সঙ্গে সামঞ্জস্য রেখে, শরীরের দু’পাশে দুটি হাত রাখতে হবে। এ বার হাতে ভর দিয়ে দেহের উপরিভাগ তুলতে হবে। কিন্তু কোমর থেকে পায়ের অংশ মাটির সঙ্গে ঠেকে থাকবে। এই অবস্থানে ৩০ সেকেন্ড থাকতে হবে। ৩ থেকে ৪ বার অভ্যাস করতে হবে এই আসন। নিয়মিত অভ্যাসে মানসিক চাপ কমবে।
সেতুবন্ধাসন বা ব্রিজ় পোজ়
ম্যাটের উপর টানটান হয়ে শুয়ে দুই হাঁটু ভাজ করতে হবে। এর পর পিঠ ও কোমরে ভর দিয়ে ধীরে ধীরে কোমর উপরে তুলতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ওই ভঙ্গিতে ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে। যে কোনও রকম উদ্বেগ ও উৎকণ্ঠা কমাতে আসনটি উপযোগী।