রোজের চরম ব্যস্ততা, তার মধ্যেও হয়তো কিছুই ভাল লাগছে না আপনার। মনের এমন অবস্থা কমবেশি সকলেরই হয়। অফিসে কাজের চাপ বাড়ছে, ব্যক্তিগত জীবনেও নানা সমস্যা। সব কিছু সামলে উদ্বেগ বেড়েই চলেছে। দুশ্চিন্তারও শেষ নেই। মন যখন ভারাক্রান্ত থাকে, ছোটখাটো সব বিষয়েই উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ে, তখন তা থেকে হয় ‘অ্যাংজ়াইটি ডিজ়অর্ডার’। এর থেকে রেহাই পেতে ওষুধ নয়, কাজে আসতে পারে যোগাসনের কয়েকটি বিশেষ পদ্ধতি।
বদ্ধ পদ্মাসন
প্রথমে পদ্মাসনে বসতে হবে। পিঠ টানটান রাখতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। হাত দু’টি পিঠের দিকে নিয়ে যেতে হবে। এর পর দুই হাত দিয়ে দুই পায়ের আঙুল ধরতে হবে, অর্থাৎ পিঠের দিক থেকে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ও ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরতে হবে। এই ভঙ্গিমায় ২০ গুণে আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে।
আরও পড়ুন:
উত্তনাসন
ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। কোমর, পিঠ থাকবে টান টান। এ বার কোমর থেকে শরীর ঝুঁকিয়ে দুই হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করতে হবে। তবে হাঁটু ভাঙলে হবে না। শরীরচর্চা করার অভ্যাস না থাকলে খুব বেশি ক্ষণ এই অবস্থান ধরে রাখতে পারবেন না। মোটামুটি ১০ সেকেন্ড মতো থেকে আবার প্রথম অবস্থানে ফিরে আসুন।
পরিবর্ত সুখাসন
ম্যাটের উপর সোজা হয়ে পা মুড়ে বসুন। অর্থাৎ, সুখাসনের ভঙ্গিতে বসুন। পিঠ টানটান থাকবে। এ বার ডান হাত পিছন দিকে মাটিতে রাখুন। বাঁ হাত রাখুন ডান হাঁটুর কাছে। এই অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে কোমর বেঁকিয়ে ডান দিকে ঘুরুন। শরীর ঝোঁকালে হবে না।এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন ও কিছু সময় সেই ভঙ্গিতে থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।