Advertisement
E-Paper

‘এই পানীয় সকলের জন্য নয়’, কফি ছেড়ে সকালে কী এমন পান করেন সোহা আলি খান? কী তার বৈশিষ্ট্য

খালি পেটে কফি খেয়ে অনেকেরই অম্বল, পেটে জ্বালা বা অস্বস্তি হয়। দিনভর তার রেশ থেকে যায়। সে ক্ষেত্রে দিনের প্রথম পানীয়টি একটু বদলে দেখার কথা ভাবতেই পারেন সোহার মতো। অবশ্য তা সকলের জন্য উপযুক্ত নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৩
অভিনেত্রী সোহা আলি খান।

অভিনেত্রী সোহা আলি খান। ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম কফি দিয়ে দিন শুরু করতেন সোহা আলি খান। কিন্তু স্বাস্থ্যসচেতন বলে যাঁর নামডাক রয়েছে, তাঁর অভ্যাসের সঙ্গে মানানসই ছিল না এটি। তাই অভ্যাস বদল করেন বলিউড অভিনেত্রী। সকালে উঠে খালি পেটে কফি না খেয়ে একটি বিশেষ পানীয় বানিয়ে তাতেই চুমুক দেন।

খালি পেটে কফি খেয়ে অনেকেরই অম্বল, পেটে জ্বালা বা অস্বস্তি হয়। দিনভর তার রেশ থেকে যায়। সে ক্ষেত্রে দিনের প্রথম পানীয়টি একটু বদলে দেখার কথা ভাবতেই পারেন সোহার মতো। তিনি এখন খালি পেটে লেবুর একটি বিশেষ পানীয় খান। তাঁর দাবি, এই পানীয় শুরু করার পর নিজের হজমের স্বাস্থ্যে তফাত বুঝতে পারছেন। তবে কেবল লেবু নয়, তাতে আরও কয়েকটি উপকরণ মিশিয়ে বানাতে হয়।

সোহার স্বাস্থ্যকর রুটিন কেমন?

সোহার স্বাস্থ্যকর রুটিন কেমন? ছবি: সংগৃহীত

সোহার সকালের পানীয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ

এক গ্লাস গরম জল

অর্ধেক লেবুর রস

একচিমটে পিঙ্ক সল্ট

একচিমটে হলুদগুঁড়ো

একচিমটে গোলমরিচ

সারারাত ভিজিয়ে রাখা চিয়া বীজ

গ্রেট করা আদা

কী ভাবে বানাবেন?

গরম জলের মধ্যেই সমস্ত উপকরণ মিশিয়ে দিন। ভাল করে নাড়িয়ে পান করে নিন। তাতে আদার ফাইবারগুলিও থাকবে। তাতেই সবচেয়ে বেশি উপকারিতা মিলবে।

৪৭ বছরের সোহা জানান, পানীয়টি খাওয়ার প্রায় ২০ মিনিট পরে তিনি দিনের প্রথম খাবার খান। তাঁর মতে, গরম জল হজমের প্রক্রিয়াকে সক্রিয় করে সকাল সকাল। অন্য দিকে, লেবু হজমে সহায়ক হতে পারে। আর আদা ও হলুদে প্রদাহ কমানোর গুণ রয়েছে এবং চিয়া বীজ থেকে মেলে ফাইবার। সোহার বক্তব্য, ‘‘যদিও এই পানীয় সকলের জন্য উপযুক্ত নয়। যাঁদের অম্বলের ধাত রয়েছে, যাঁদের পেটে সমস্যা রয়েছে অথবা কিডনিতে পাথর জমার প্রবণতা রয়েছে, তাঁদের জন্য এই ধরনের পানীয় উপযোগী নয়। আমি বলব, নিজের শরীরের কথা শুনুন। আপনার জন্য যা উপযুক্ত মনে হবে, সেটিই পান করুন।’’

খালি পেটে কফি কারও কারও ক্ষেত্রে অম্বল, পাকস্থলীতে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা শরীরে হরমোনগত পরিবর্তনের সময়ে এই ধরনের সমস্যা আরও স্পষ্ট হতে পারে। অর্থাৎ সকালে কফি খাওয়া ‘খারাপ’— এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার প্রয়োজন নেই। বরং নিজের শরীর কিসে কেমন প্রতিক্রিয়া দিচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

Soha Ali Khan Health Drinks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy