Advertisement
E-Paper

রাজার মতোই শুরু হয় সকাল! ‘কিং’ শাহরুখ খান বিছানা ছাড়ার আগে কী করেন? জানালেন অনুরাগীদের

‘কিং’ ছবির প্রচারের আগে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, বাস্তব জীবনে তাঁর সবচেয়ে ‘রাজকীয়’ বা ‘কিং’-এর মতো অভ্যাস কী? উত্তরে শাহরুখসুলভ মস্করার ছাপ স্পষ্ট। কী বলেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩
শাহরুখ খানের সকালের রুটিন।

শাহরুখ খানের সকালের রুটিন। ছবি: রয়টার্স।

বলিউডের কিং তিনি। তাঁর যাপনও যে সম্রাটসুলভই হবে, তা বলাই বাহুল্য। সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ (সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে তারকাদের প্রশ্নোত্তরের খেলা) পর্বে শাহরুখ খান অনুরাগীদের জানিয়ে দিলেন, ঠিক কেমন ভাবে সকাল শুরু হয় তাঁর।

‘কিং’ ছবির প্রচারের আগে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, বাস্তব জীবনে তাঁর সবচেয়ে ‘রাজকীয়’ বা ‘কিং’-এর মতো অভ্যাস কী? উত্তরে শাহরুখসুলভ মস্করার ছাপ স্পষ্ট। তিনি জানান, সকালে বিছানায় শুয়ে শুয়ে তিন কাপ কফি খান। তার আগে কেউ তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পান না। কাজে দেরি হয়ে গেলেও কফি খাওয়া চাই-ই চাই। শাহরুখ লিখলেন, ‘‘এর ফলে দেরি হয়ে গেলে সেটে গিয়ে বকা খেতে হয়। তখন রাজাসুলভ মেজাজ ধুয়ে মুছে সাফ হয়ে যায়।’’

সকাল কী ভাবে শুরু হয় শাহরুখের?

সকাল কী ভাবে শুরু হয় শাহরুখের? ছবি: সংগৃহীত

শাহরুখের ক্ষেত্রে এটি তাঁর ব্যক্তিগত যাপনের সকালের অভ্যাস। কিন্তু তিন কাপ কফি মানেই কি শরীরে অতিরিক্ত ক্যাফিন ঢুকে যাচ্ছে? আসলে উত্তরটা নির্ভর করে কাপের আকার, কফির ধরন, কী ভাবে বানানো হচ্ছে এবং প্রতি কাপে কতটা ক্যাফিন রয়েছে তার উপর।

বলিউড বাদশার মতো অনেকেই কফি খেয়ে দিন শুরু করেন। কফির স্বাদ না পেলে দিনই শুরু হয় না যেন। ক্যাফিন ছা়ড়া শরীর চাঙ্গা হয় না। সারাদিন কাজ করার পর মস্তিষ্কে ‘অ্যাডিনোসিন’ নামের একটি পদার্থ তৈরি হয়, যা জানান দেয় যে, এখন ঘুমোনো দরকার। যখন চা বা কফি খান, তখন এর ভিতরে থাকা ক্যাফিন মস্তিষ্কের সেই জায়গাগুলি দখল করে নেয় যেখানে অ্যাডিনোসিন থাকার কথা ছিল। এর ফলে অ্যাডিনোসিন আর শরীরে ক্লান্তির সঙ্কেত পাঠাতে পারে না এবং ঘুম চলে যায়। ক্যাফিন মস্তিষ্কের কাজের গতি বাড়িয়ে দেয়, যার কারণে ঝিমুনি ভাব কেটে যায় এবং চট করে সতেজ ও সতর্ক হয়ে ওঠে মানুষ। তাই সেই ঢুলুনি কাটানোর জন্য ক্যাফিনের দরকার পড়ে অনেকের।

তিন কাপ কফি খেয়ে দিন শুরু হয় শাহরুখের।

তিন কাপ কফি খেয়ে দিন শুরু হয় শাহরুখের। ছবি: সংগৃহীত

১২ আউন্স বা প্রায় ৩৫৫ মিলিলিটার সাধারণ ভাবে বানানো কফিতে প্রায় ১১৩-২৪৭ মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে। অর্থাৎ তিন কাপ কফির ক্ষেত্রেও মোট ক্যাফিনের পরিমাণ বেশ খানিকটা ওঠানামা করতে পারে। কিন্তু অতিরিক্ত কফি পান করলে অনেকের উদ্বেগের সমস্যা বাড়তে পারে, শরীর আনচান করতে পারে, হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, হজমের সমস্যা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে। তাই নিজের শরীর বুঝে কফির পরিমাণ স্থির করা উচিত।

কফি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, যদি তা আপনার শরীরে সমস্যা তৈরি না করে। তবে দিনের মোট ক্যাফিনের পরিমাণের দিকে নজর রাখা, নিজের ঘুম ও শরীরের প্রতিক্রিয়া বোঝা গুরুত্বপূর্ণ। শাহরুখের দেখাদেখি এই অভ্যাস রপ্ত করা উচিত নয়।

Shah Rukh Khan Celebrity Life

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy