আজকাল এমন কোনও বিয়েবাড়ি দেখা যায় না যেখানে চিত্রগ্রাহক থাকে না। আলাদা করে চিত্রগ্রাহকের বন্দোবস্ত তো করাই হয়, একই সঙ্গে মোবাইলেও একের পর এক ছবি উঠে চলে। কপোত-কপোতীর অধিকাংশ সময়ই বেরিয়ে যায় পোজ় দিতে। নতুন সংসারে গৃহসজ্জায় স্থান পায় বিয়েতে তোলা বিভিন্ন ছবি। তবে সেই ছবি দেওয়ালে টাঙানোর ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। অন্যথায় সম্পর্ক এবং সংসারের উপর খারাপ প্রভাব পড়ে বলে বিশ্বাস। কোন উপায়গুলি মেনে চলতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
বাড়িতে বিয়ের ছবি টাঙানোর ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
- বাস্তুমতে, ঘরের দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়াল বিবাহিত দম্পতির ছবি রাখার জন্য উপযুক্ত মনে করা হয়। এ ক্ষেত্রে শোয়ার ঘরকেই বেছে নেওয়া শুভ বলে মনে করা হচ্ছে। বসার ঘর বা অন্য কোনও ঘরে বিবাহিত দম্পতির ছবি না রাখাই ভাল।
- যেখানে বিয়ের ছবি রাখা হচ্ছে, সেই স্থান যেন ধুলো-ময়লায় ভরে না থাকে সেই বিষয়টি নজরে রাখা জরুরি। ময়লা ফেলার জায়গা, জুতোর র্যাক প্রভৃতির কাছে দম্পতির ছবি রাখা উচিত নয়। উজ্জ্বল রং করা গোছানো জায়গা, যেখানে ভাল আলো পড়ে সেখানে দম্পতির ছবি রাখতে হবে।
- এমন ছবি বেছে নিতে হবে যেখানে স্বামী এবং স্ত্রী উভয়কেই দেখে হাসিখুশি মনে হচ্ছে। দু’জনকেই যে ছবিতে দেখতে খুব সুন্দর লাগছে। মুখে বিষাদের ছায়া বা ক্লান্তির ছাপ রয়েছে এমন ছবি না রাখাই ভাল হবে।