বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, চলতি বছর শ্রীশ্রী দুর্গা দেবীর গজে আগমন এবং নৌকায় গমন। গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে দেবীর ঘোটকে আগমন এবং নৌকায় গমন। একই বছরে এই পার্থক্যের কারণ কী?
দেবী দুর্গার আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর। দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা— এই চার প্রকার বাহনেই আগমন এবং গমন করেন। শাস্ত্রমতে, দেবী দুর্গার আগমন এবং গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর।
আরও পড়ুন:
সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন এবং গমন নির্দেশ করে।
সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন এবং গমন নির্দেশ করে।
সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন এবং গমন নির্দেশ করে।
সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন এবং গমন নির্দেশ করে।
শাস্ত্রমতে, দোলা, অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল ‘দোলায়াং মকরং ভবেৎ’, অর্থাৎ মহামারী বা মড়কতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা।
আরও পড়ুন:
ঘোটকে, অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের ফল ‘ছত্রভংস্তুরঙ্গমে’ অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা।
নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। কারণ, বন্যা বা জলমগ্ন হলে জলের অভাব বা আকাল না থাকা এবং প্লাবনের পরবর্তী কালে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধি ঘটে।
গজ অর্থাৎ হস্তী বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। ফল ‘গজে চ জলদা দেবী’, শস্যপূর্ণা বসুন্ধরা।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
সপ্তমী তিথি আরম্ভ: ৩০ আশ্বিন, ১৭ অক্টোবর, শনিবার, ভোর ৫টা ৫৬ মিনিট।
সপ্তমী তিথি শেষ: ১ কার্তিক, ১৮ অক্টোবর, রবিবার সকাল ৮টা ২৯ মিনিট। অর্থাৎ, সূর্যোদয় কালে প্রাপ্ত তিথি অনুযায়ী সপ্তমী রবিবার।
দশমী তিথি আরম্ভ: ৩ কার্তিক, ২০ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ১২টা ৫২ মিনিট।
দশমী তিথি শেষ: ৪ কার্তিক, ২১ অক্টোবর, বুধবার, দুপুর ২টো ১২ মিনিট। অর্থাৎ, সূর্যোদয়কালে প্রাপ্ত তিথি অনুযায়ী দশমী বুধবার।
আরও পড়ুন:
গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে—
সপ্তমী তিথি আরম্ভ: ২৮ আশ্বিন, ১৬ অক্টোবর, শুক্রবার, রাত ৩টে ৪৫ মিনিট ৪০ সেকেন্ড।
২৯ আশ্বিন, ১৭ অক্টোবর, শনিবার অহোরাত্র সপ্তমী তিথি। অর্থাৎ, সূর্যোদয়কালে প্রাপ্ত তিথি অনুযায়ী সপ্তমী শনিবার।
দশমী তিথি আরম্ভ: ২ কার্তিক, ২০ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ড।
দশমী তিথি শেষ: ৩ কার্তিক, ২১ অক্টোবর, বুধবার সকাল ১০টা ৪৬ মিনিট ৪ সেকেন্ড। অর্থাৎ, সূর্যোদয়কালে প্রাপ্ত তিথি অনুযায়ী দশমী বুধবার।
পঞ্জিকাভেদে তিথি শুরুর সময়ের পার্থক্যের জন্য দেবীর আগমন ভিন্ন।