বাস্তুশাস্ত্র অনুসারে, মাটির উপাদান অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক শক্তির উৎস হিসাবে গণ্য করা হয়। মাটির জীবনীশক্তি চারপাশের নেতিবাচক বা অশুভ শক্তিকে শুষে নিতে পারে। প্রাচীনকাল থেকেই বাড়িতে মাটির হাঁড়ি-কলসির পাশাপাশি অন্যান্য সামগ্রী ব্যবহারের চল রয়েছে। নিত্য দিনের জীবনে পাঁচটি বিশেষ মাটির জিনিস ঘরে নিয়মিত ব্যবহারের ফলে অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব দূরে থাকে। এর ফলে বাস্তুদোষ কমতে পারে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে পারে এবং সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। নীচে পাঁচটি মাটির জিনিসের উপকারিতা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
মাটির প্রদীপ
সনাতন ধর্মমতে, মাটির প্রদীপ সবচেয়ে পবিত্র। প্রতি দিন সন্ধ্যায় ঘরে মাটির প্রদীপে ঘি বা তিলের তেল দিয়ে আলো জ্বালালে ঘর থেকে সমস্ত অন্ধকার এবং নেতিবাচক শক্তি দূর হয়। মাটির প্রদীপ জ্বললে তা থেকে যে পঞ্চতত্ত্বের অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশের মিলন ঘটে, তা ঘরের কোণে জমে থাকা অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করে দেয় এবং ইতিবাচক স্পন্দন তৈরি করে।
আরও পড়ুন:
মাটির কলসি
উত্তর বা উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণে জলভর্তি মাটির কলসি রাখা অত্যন্ত শুভ। নিয়মিত এই কলসির জল পান করা স্বাস্থ্যের জন্যও ভাল। বাস্তুমতে, মাটির পাত্রে রাখা জল বুধ এবং চন্দ্রের স্থিতি মজবুত করে। জলভর্তি মাটির কলসি ঘরে থাকলে আর্থিক অনটন দূর হয় এবং এটি ঘরের অশান্তি বা অশুভ শক্তির প্রবেশ রুখে দিতে ঢাল হিসাবে কাজ করে।
মাটির টব
প্লাস্টিকের টবের চেয়ে মাটির তৈরি টবে গাছ, বিশেষত তুলসীগাছ লাগানো বাস্তুসম্মত। তুলসীগাছ নিজে থেকেই নেতিবাচক শক্তি দূর করে। যখন এটি মাটির পাত্রে থাকে, তখন ভূমির শক্তি এবং উদ্ভিদের ঔষধি গুণ মিলে ঘরের চারপাশের বাতাসকে শুদ্ধ করে। কোনও অশুভ দৃষ্টি বা শক্তি সরাসরি ঘরে প্রভাব ফেলতে পারে না।
মাটির পাত্র
ঘরের যে কোনও অন্ধকার কোণে বা বাথরুমে একটি ছোট মাটির পাত্রে সামান্য রক সল্ট রেখে দেওয়া উচিত। রক সল্ট এবং মাটি—দুই উপাদানেরই চারপাশের নেতিবাচক শক্তি শুষে নেওয়ার তীব্র ক্ষমতা রয়েছে। এটি ঘরের বাতাসকে ভারী হতে দেয় না এবং অশুভ শক্তির প্রভাব নষ্ট করে। তবে, রক সল্ট কিছু দিন পর পর বদলে ফেলুন।
মাটির মূর্তি
বসার ঘরে মাটির তৈরি সুন্দর শোপিস, ফুলদানি বা উত্তর-পূর্ব কোণে মাটির গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখা খুব ভাল। মাটি হল স্থায়িত্বের প্রতীক। ঘরে মাটির তৈরি শিল্পকর্ম বা মূর্তি থাকলে তা পরিবারের সদস্যদের মানসিক চাপ কমায় এবং বাইরের কোনও কুপ্রভাব বা অশুভ শক্তিকে ঘরে স্থায়ী হতে দেয় না।
মাটির জিনিস তখনই সুফল দেয় যখন তা আস্ত এবং পরিষ্কার থাকে। ঘরে কখনও কোনও ভাঙা, চিড় খাওয়া বা নোংরা মাটির পাত্র রাখবেন না। ভাঙা মাটির জিনিস ঘরে রাখলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তাই ব্যবহারের সময় সেগুলির দিকে নজর রাখতে হবে। সব সময় মাটির জিনিসগুলি পরিচ্ছন্ন এবং অক্ষত রাখার চেষ্টা করুন।