মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার প্রতি প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করে শ্রীনগরের লোকসভা সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহদি মঙ্গলবার তাঁর সাংসদপদ এবং শাসকদল ন্যাশনাল কনফারেন্সের সদস্যপদ থেকে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিয়েছেন। শিয়া মুসলিম গোষ্ঠীর প্রভাবশালী ধর্মগুরু এবং রাজনীতিবিদের এই সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন।
মেহদি মঙ্গলবার তাঁর বাবা সৈয়দ মেহদির ২৬তম মৃত্যুবার্ষিকীতে বদগামে এক জনসভায় সাংসদপদ ও দল ছাড়ার কথা ঘোষণা করে বলেন, ‘‘২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের জনতা যে ক্ষোভ এবং আবেগ থেকে বিপুল সমর্থন দিয়েছিল, ন্যাশনাল কনফারেন্স তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভোট শেষ হওয়ার পরেই দলের নেতাদের অবস্থান পুরোপুরি উল্টে গিয়েছে।’’ পদত্যাগপত্রের সঙ্গেই ফারুক আবদুল্লা, ওমর-সহ ন্যাশনাল কনফারেন্স শীর্ষনেতৃত্বের উদ্দেশে মঙ্গলবার একটি চার পাতার খোলা চিঠি প্রকাশ করেন মেহদি।
আরও পড়ুন:
ওই খোলা চিঠিতে আগা খান পরিবারের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের আড়াই দশকের সম্পর্ক ছিন্ন করার মূল কারণ হিসেবে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে ওমর সরকার গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলছে বলে অভিযোগ করেছেন মেহদি। লিখেছেন, ‘‘২০১৯ সালে ৩৭০ এবং ৩৫-এ অনুচ্ছেদ বাতিল করা কাশ্মীরিদের অধিকারের উপর ‘নির্লজ্জ আঘাত’ ছিল। অধিকারই একটি জনগোষ্ঠীকে গড়ে তোলে। তা কেড়ে নেওয়া হলে সেই জনগোষ্ঠীর অস্তিত্ব মুছে ফেলা হয়। যখন কাশ্মীরের জনতার অধিকার আদায়ের লক্ষ্যে লড়াইয়ে নামার প্রয়োজন ছিল, তখন ন্যাশনাল কনফারেন্স নেতৃত্ব নিজেদের সরিয়ে নিয়েছেন।’’ সাংসদ পদ থেকে তাঁর ইস্তফাকে ‘নীতির রাজনীতি’ বলে অবিহিত করে শিয়া ধর্মীয় নেতা জানিয়েছেন, উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।