Advertisement
E-Paper

‘দিল্লির রেস কোর্সে বায়ুসেনার জমি অধিগ্রহণ করবেন না’, অবসরের আগে রাজনাথকে চিঠি বায়ুসেনা প্রধানের

রেস কোর্সের এয়ার ফোর্স স্টেশনের ৪০ একর জমির পাশাপাশি একই এলাকায় অবস্থিত দিল্লি রেস ক্লাবের ৫৩ একর, দিল্লি জিমখানা ক্লাবের ২৭ একর এবং জয়পুর পোলো গ্রাউন্ডের জমিও দখলে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫৭
(বাঁদিকে) রাজনাথ সিংহ এবং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ (ডানদিকে)।

(বাঁদিকে) রাজনাথ সিংহ এবং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত ৩১ অক্টোবর বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার ঠিক আগে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ একটি চিঠি লিখেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে। মঙ্গলবার এমনই দাবি করা হয়েছে প্রকাশিত কয়েকটি খবরে। তাতে দাবি করা হয়েছে, দিল্লির রেস কোর্স এলাকার এয়ার ফোর্স স্টেশনের প্রায় ৪০ একর জমি (যেখানে বায়ুসেনার স্পোর্টস কমপ্লেক্স এবং গল্‌ফ কোর্স রয়েছে) কেন্দ্রীয় সরকার যাতে অধিগ্রহণ বা দখল না করে প্রতিরক্ষামন্ত্রীকে সেই দাবি করেছিলেন বায়ুসেনা প্রধান।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিল্লির লোককল্যাণ মার্গে অবস্থিত রেস কোর্স এলাকার জমিতে নিয়ন্ত্রণ নেওয়ার (সিল করার) প্রক্রিয়া শুরু করায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে বায়ুসেনার স্পোর্টস কমপ্লেক্স এবং গল্‌ফ কোর্স বন্ধ হয়ে গিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদায়ী বায়ুসেনা প্রধান চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। জানিয়েছেন, চল্লিশের দশকে তৈরি এই রেস কোর্স এয়ার ফোর্স স্টেশনটি শুধু ক্রীড়া বা বিনোদন নয়, বায়ুসেনার সদর দফতরের ৫,০০০-এরও বেশি কর্মীর প্রশাসনিক সহায়তা, অগ্নিবীরদের প্রশিক্ষণ, নিরাপত্তা পরিকাঠামো এবং ড্রোন প্রতিরক্ষা মহড়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক অপারেশনে ব্যবহৃত হয়।

রেস কোর্সের এয়ার ফোর্স স্টেশনের ৪০ একর জমির পাশাপাশি একই এলাকায় অবস্থিত দিল্লি রেস ক্লাবের ৫৩ একর, দিল্লি জিমখানা ক্লাবের ২৭ একর এবং জয়পুর পোলো গ্রাউন্ডের জমিও দখলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লির ভূমি ও উন্নয়ন দফতরের (এল অ্যান্ড ডিও) পক্ষ থেকে নির্দিষ্ট কোনও আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি থাকা এই সমস্ত সরকারি ‘অতি গুরুত্বপূর্ণ জমি’ (প্রাইম ল্যান্ড) জনস্বার্থে এবং আরও কার্যকর ভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Air Chief Marshal Indian Air Force IAF land acquisition Land acquire Defence

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy