Advertisement
E-Paper

রামলীলায় ভিড় দেখাতে ভরসা এআই? তাও ঠিক করে বানাতে পারে না, কটাক্ষ রিজিজুর! পাল্টা ড্রোনের ছবি দেখাচ্ছে কংগ্রেস

রবিবার বিজেপির তরফে রামলীলা ময়দানের ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়, বাস্তবে সেখানে ৪০ শতাংশের বেশি জায়গা ফাঁকা ছিল। ওই অনুষ্ঠানকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১০:৪৭
(বাঁ দিকে) কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী (ডান দিকে)।

(বাঁ দিকে) কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত কাল, রবিবার কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’র ডাকে রামলীলা ময়দান আদৌ পুরোপুরি ভরেনি, দাবি বিজেপির। ওই অনুষ্ঠানকে ‘ফ্লপ শো’ বলে আগেই কটাক্ষ করেছে তারা। এ বার অভিযোগ, রামলীলা ময়দানে ভিড়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে। কংগ্রেসের একাধিক নেতা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে মঞ্চে সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর যে ছবি দেখা যাচ্ছে, তা বাস্তবের চেয়ে আলাদা বলে অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ওই ছবি পোস্ট করে কংগ্রেস তথা বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে কটাক্ষ করেছেন। দাবি, এআই ব্যবহার করলেও কাজ নিখুঁত হয়নি।

রবিবার সন্ধ্যায় বিজেপির তরফে রামলীলা ময়দানের ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়, বাস্তবে সেখানে ৪০ শতাংশের বেশি জায়গা ফাঁকা ছিল। বিরোধীরা যা দাবি করেছে, সেই অনুযায়ী লোক হয়নি তাদের কর্মসূচিতে। এর পরেই রিজিজু রামলীলা ময়দানের ভিড়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ময়দান ভর্তি ছিল বলে কংগ্রেস একটা ভুয়ো বয়ান তৈরির চেষ্টা করছে। এআই দিয়ে ভিড়ের ছবি তৈরি করা হয়েছে। কিন্তু সেই কাজটাও ওরা ঠিকমতো করতে পারেনি।’’

যে ছবিটিকে ভুয়ো বলা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, রামলীলা ময়দানে থিকথিকে ভিড়। মাঝেমধ্যে কেউ কেউ জাতীয় পতাকা এবং কংগ্রেসের হাত চিহ্ন সম্বলিত পতাকা তুলে রেখেছেন। দূরে মঞ্চে বড় পোস্টার রয়েছে। তার এক দিকে রাহুল এবং অন্য দিকে সনিয়া। অভিযোগ, এই ছবিতে গোলমাল রয়েছে। বাস্তবে মঞ্চের পোস্টার ছিল ভিন্ন। তেলঙ্গানার কংগ্রেস সাংসদ বামসী গদ্দাম, গুজরাতের প্রাক্তন সাংসদ জগদীশ ঠাকোরের মতো নেতাও এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন।

বিতর্কিত এই ছবি নিয়ে কোনও মন্তব্য না করলেও রামলীলা ময়দানে ভিড় না-হওয়ার অভিযোগ মানতে চায়নি কংগ্রেস। ১০ লক্ষ মানুষের জমায়েত হবে বলে তারা দাবি করেছিল। সেই দাবির সপক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে ড্রোন থেকে তোলা রামলীলা ময়দানের ভিডিয়ো। রাহুল নিজেও ড্রোনের ভিডিয়ো পোস্ট করেছেন সমাজমাধ্যমে। লিখেছেন, ‘‘ভোটচুরির বিরুদ্ধে আওয়াজ তুলতে এ ভাবে রেকর্ড সংখ্যায় ভিড় করার জন্য আপনাদের ধন্যবাদ। এর থেকে বোঝা যাচ্ছে, গণতন্ত্রই জয়ী হবে, সত্যের জয় হবে, ‘ইন্ডিয়া’-র জয় হবে।’’ ভিড়ের ছবি প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা রাহুলকে কটাক্ষ করে বলেছেন, ‘‘এগুলো ছবি তোলার কারসাজি। কারসাজির মাধ্যমে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না।’’

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিল চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপিবিরোধী জোট রবিবার রামলীলা ময়দানে জমায়েতের ডাক দিয়েছিল। সেখান থেকে হুঁশিয়ারি দিয়ে রাহুল জানান, জ্ঞানেশ জেলে যাবেনই। নরেন্দ্র মোদীও পালাতে পারবেন না। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, আরজেডি-র তেজস্বী যাদবের মতো বিরোধী নেতৃত্বও রাহুল, সনিয়ার সঙ্গে মঞ্চে ছিলেন।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Ramlila Maidan BJP Kiren Rijiju Rahul Gandhi Congress INDIA Block

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy