Advertisement
E-Paper

হাতের কাছে ইস্ত্রি নেই? জামা টানটান করা যাবে যন্ত্র ছাড়াই! রইল ৫টি সহজ কৌশল

কাপড়ের ভাঁজ দূর করার ক্ষেত্রে তাপ এবং আর্দ্রতাই মূল কাজটি করে। ইস্ত্রি না থাকলেও এই দু’টি বিষয় মাথায় রাখলেই কোঁচকানো জামা টানটান করা যাবে সহজেই। কেবল জেনে নিতে হবে টোটকাগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৬:২৮
ইস্ত্রি না থাকলেও কী ভাবে ভাঁজ দূর করা যায় কাপড় থেকে?

ইস্ত্রি না থাকলেও কী ভাবে ভাঁজ দূর করা যায় কাপড় থেকে? ছবি: সংগৃহীত।

কাজে বেরোনোর তাড়া, বেড়াতে গিয়ে ইস্ত্রি সঙ্গে নেই কিংবা বাড়ির যন্ত্র নষ্ট— এমন বিপাকে পড়ার নজির কম নেই। তবে সব সময়ে ইস্ত্রির প্রয়োজন হয় না। ঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করেই অনেক ক্ষেত্রে পোশাকের কোঁচকানো ভাব দূর করা সম্ভব। কেবল জেনে নিতে হবে টোটকাগুলি।

কাপড়ের ভাঁজ দূর করার ক্ষেত্রে তাপ এবং আর্দ্রতাই মূল কাজটি করে। ইস্ত্রি না থাকলেও এই দু’টি বিষয় মাথায় রাখলেই কোঁচকানো ভাব দূর করা সহজ হবে।

ইস্ত্রি ছাড়াই টানটান হবে কাপড়।

ইস্ত্রি ছাড়াই টানটান হবে কাপড়। ছবি: সংগৃহীত

১. স্প্রে ব্যবহার করা: ইস্ত্রির বিকল্প হিসাবে বাজারে চলে এসেছে ‘রিঙ্কল রিলিজ় স্প্রে’। অর্থাৎ কোঁচকানো ভাব দূর করার স্প্রে। জামার যেখানে যেখানে অসমান রয়েছে, সেই জায়গাগুলিতে স্প্রে করে দু’হাত দিয়ে কয়েক সেকেন্ড চেপে রেখে দিন। তার পর খানিকক্ষণ হাওয়ায় শুকোতে দিন। এর ফলে কাপড়ের তন্তু কিছুটা নরম হয়ে আসে এবং ভাঁজ কমে যায়।

২. বিছানার তলায় রাখা: ভ্রমণের সময়‌ে এই কৌশলটি বেশ কাজে লাগে। পোশাকটি সুন্দর করে ভাঁজ করে বিছানার তোষকের নীচে ২০-৩০ মিনিট রেখে দিন। শরীরের ওজনের চাপেই অনেক সময়ে কাপড়ের হালকা ভাঁজ মসৃণ হয়ে আসে।

৩. ভিজে তোয়ালে ব্যবহার করা: পোশাকটি সমান জায়গায় বিছিয়ে ভাঁজগুলির উপর হালকা ভিজে একটি পরিষ্কার তোয়ালে রেখে আলতো করে চাপ দিন। এতে কাপড়ের তন্তু কিছুটা শিথিল হয়ে ভাঁজ কমে যেতে পারে।

ইস্ত্রি ছাড়া ইস্ত্রি করার উপায়।

ইস্ত্রি ছাড়া ইস্ত্রি করার উপায়। ছবি: সংগৃহীত

৪. হেয়ার ড্রায়ার ব্যবহার করা: পোশাকের উপর অল্প জল ছিটিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে মাঝারি তাপে শুকিয়ে নিন। ড্রায়ারটি খুব কাছে না এনে কিছুটা দূর থেকে ব্যবহার করুন। হাত দিয়ে কাপড় টানটান করে ধরলে আরও ভাল ফল পাওয়া যায়। এতে তাপ এবং আর্দ্রতা দুই-ই ব্যবহৃত হয়।

৫. গরম জলের ভাপ ব্যবহার করা: বাথরুমে গরম জল চালু করে কিছুক্ষণ ভাপ তৈরি করুন। এর পর ভাঁজ পড়া পোশাকটি বাথরুমে ঝুলিয়ে রাখুন। গরম ভাপের প্রভাবে কাপড়ের তন্তু কিছুটা নরম হয়ে আসে এবং কোঁচকানো ভাব অনেকটাই কমে যেতে পারে। তবে পোশাক যেন সরাসরি জলে ভিজে না যায়, সে দিকে খেয়াল রাখতে হবে।

তবে সব ধরনের কাপড়ে এই উপায়গুলি সমান কার্যকর না-ও হতে পারে। সুতি, লিনেন বা সহজে ভাঁজ পড়ে এমন কাপড়ে ইস্ত্রির প্রয়োজন হতে পারে। আবার সিল্ক বা খুব নরম কাপড়ের ক্ষেত্রে অতিরিক্ত তাপ বা বেশি জল ব্যবহার না করাই ভাল।

Iron Clothes Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy