রান্নাঘরে গ্যাসের স্টোভের আশপাশের জায়গাটুকু সাধারণত সবচেয়ে অগোছালো বা জিনিসে ভর্তি থাকে। হাতের কাছে রাখার সুবিধার জন্য প্লাস্টিকের কৌটো, মশলার প্যাকেট, রান্নার তেল, কাপড় কিংবা হাতা-খুন্তি— অনেক কিছুই উনুনের পাশে রেখে দেন অনেকে। কিন্তু আগুনের কাছাকাছি থাকা এই ছোট ছোট জিনিসই কখনও বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। খোলা আগুন ও তাপের সংস্পর্শে দাহ্য বা সহজে গলে যায়, এমন জিনিস দ্রুত বিপদ ডেকে আনতে পারে।
স্টোভের পাশে কী কী রাখবেন না?
প্লাস্টিকের কৌটো: বাজারের ব্যাগ, প্লাস্টিকের মোড়ক, খাবারের কৌটো বা প্লাস্টিকের প্যাকেট— কোনওটিই গ্যাসের উনুনের পাশে রাখা উচিত নয়। বেশি তাপ পেলে প্লাস্টিক গলে যেতে পারে, এমনকি আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই রান্নার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখতে হলেও উনুন থেকে নিরাপদ দূরত্বে রাখুন।
রান্নাঘরের কাপড়: হাত মোছার কাপড়, ন্যাপকিন বা রান্নার সময়ে ব্যবহৃত তোয়ালে অনেকে উনুনের পাশেই রেখে দেন। কিন্তু অসাবধানতাবশত কাপড়ের একটি অংশ আগুনের কাছে চলে গেলেই তাতে দ্রুত আগুন ধরে যেতে পারে। বিশেষ করে, বাতাস চলাচল করলে ঝুঁকি আরও বাড়ে। তাই কাপড় রাখার জন্য উনুন থেকে দূরে আলাদা জায়গা বরাদ্দ করুন।
স্টোভের আশপাশের জায়গাটুকু ফাঁকাই রাখা উচিত। ছবি: সংগৃহীত
কাগজ বা কার্ডবোর্ড: মশলার কাগজের প্যাকেট, খাবারের বাক্স, কাগজের ব্যাগ, খবরের কাগজ— এগুলি রান্নাঘরে জমতে থাকে দিনের পর দিন। কিন্তু কাগজ ও কার্ডবোর্ড খুবই দাহ্য। উনুনের আগুন বা গরম পাত্রের সংস্পর্শে এলে মুহূর্তের মধ্যে আগুন ছড়াতে পারে। তাই রান্নার জায়গার চারপাশ যতটা সম্ভব ফাঁকা রাখাই শ্রেয়।
পর্দা: রান্নাঘরের জানলার পর্দা যদি গ্যাসের উনুনের খুব কাছে থাকে, তা হলে বড়ই বিপজ্জনক হতে পারে। হাওয়ায় পর্দা নড়ে এসে আগুনের সংস্পর্শে আসতে পারে। তাই উনুনের আশপাশে কোনও ঢিলেঢালা কাপড় না রাখাই ভাল।
রান্নাঘরে যত্রতত্র জিনিস ফেলে রাখবেন না। ছবি: সংগৃহীত
দাহ্য তরল: রান্নাঘর পরিষ্কারের স্প্রে, কিছু ধরনের তরল উনুনের পাশে বা নীচে রাখা ঠিক নয়। তাপের সংস্পর্শে এলে এগুলি অগ্নিসংযোগের ঝুঁকি বাড়াতে পারে। এই ধরনের সামগ্রী ঠান্ডা ও নির্দিষ্ট জায়গায়, উনুন থেকে দূরে রাখুন।
তেলের বোতল: অধিকাংশ হেঁশেলেই রান্নার তেল নাগালে রাখা হয়। কিন্তু বার্নারের গা ঘেঁষে রাখলে বিপদ বাড়তে পারে। আগুনের তাপে বোতল গরম হতে পারে। আবার হাত লেগে বোতল পড়ে গেলে তেল ছড়িয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে। তাই তেলের বোতল উনুন থেকে কিছুটা দূরে রাখুন।
আরও পড়ুন:
বৈদ্যুতিক তার ও যন্ত্র: মিক্সার, টোস্টার, বৈদ্যুতিক কেটলি বা অন্য কোনও বৈদ্যুতিক যন্ত্রের তার যেন গ্যাসের আগুন বা গরম পাত্রের কাছাকাছি না থাকে। অতিরিক্ত তাপে তার ও যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।