নায়িকাদের মতো ত্বক পেতে দামি ফেসিয়াল, বোটক্স করেন অনেকে। এতে অবশ্যই ত্বক পরিষ্কার হয়, মৃত কোষ ঝরিয়ে ফেলা যায়। রক্ত সঞ্চালনও ভাল হয়। তবে ভাগ্যশ্রী এক বিশেষ উপায়ে ত্বকের যত্ন নেন। রাসায়নিক দেওয়া কোনও প্রসাধনী তাঁর পছন্দ নয়। বদলে প্রাকৃতিক উপায়েই রূপচর্চা করতে ভালবাসেন। তাঁর ঝলমলে ও বলিরেখাহীন ত্বকের রহস্য কী, তা জানিয়েছেন নায়িকা নিজেই।
নামীদামি ব্র্যান্ডের ক্রিমের বদলে ভাগ্যশ্রী রোজ নিয়ম করে মুখে মাখেন মালাই ফেসপ্যাক। দুধ ফোটানোর সময়ে যে সর পড়ে, সেই সর তুলে নিয়ে তা দিয়েই ফেসপ্যাক বানিয়ে মুখে মাখেন ভাগ্যশ্রী। জানিয়েছেন, দুধ রোজই আসে বাড়িতে। দুধের সর আলাদা করে তুলে রাখেন। তা দিয়েই ফেসপ্যাক বানিয়ে নেন। স্নানের আগে নিয়ম করে এই ফেসপ্যাক মাখলে মুখে আর সাবান বা জেল মাখার প্রয়োজন হয় না। ত্বক পরিষ্কার থাকে, মৃতকোষ উঠে যায়। ত্বকের দাগছোপও দূর হয়।
ভাগ্যশ্রীর মালাই ফেসপ্যাকের রেসিপি
দুধের সর বা মালাই তুলে নিয়ে তাতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে
আরও পড়ুন:
এই প্যাক ক্লিনজ়ারের মতো মুখে মাখতে হবে। আলতো হাতে মালিশ করে রেখে দিতে হবে ১০-১৫ মিনিট।
প্যাকটি শুকোতে শুরু করলে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। তার পর হালকা কোনও ময়েশ্চারাইজ়ার মাখতে হবে।
কাদের জন্য ভাল?
দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে পারে। ত্বকের উপর জমে থাকা মৃতকোষ দূর হবে এই প্যাক মাখলে। যাঁদের ত্বক খুব বেশি শুষ্ক ও রুক্ষ, তাঁদের জন্য প্যাকটি উপকারী হতে পারে।
মালাইয়ে থাকা ফ্যাট এবং প্রোটিন ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করবে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ত্বক খুব খসখসে হয়ে গিয়েছে যাঁদের, কালচে ছোপ পড়েছে, তাঁরা এই প্যাকটি মাখলে উপকার পাবেন।
চামড়া কুঁচকে গেলে বা বলিরেখা পড়লে এই প্যাকটি মাখলে ত্বক টানটান হবে।
মালাইয়ের প্যাকে ভিটামিন এ এবং ডি থাকে যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষের পুনর্গঠন করে। এটি মাখলে বয়সের ছাপ মুছে যাবে। ত্বক নরম ও মসৃণ থাকবে।