ঘন, দীর্ঘ, রেশমি, উজ্জ্বল কেশরাশি নায়িকার। শুটিংয়ে দিনভর ব্লো-ড্রাই, তাপপ্রয়োগ, টানাহেঁচড়া করে কেশসজ্জা, সমস্ত অত্যাচার সহ্য করেও স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারিণী তিনি। জাহ্নবী কপূরের সুন্দর চুলের নেপথ্যে রয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর টোটকা। মায়ের স্মৃতি আঁকড়ে আজও তা মেনে চলেন শ্রীদেবী-কন্যা। ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসে সে কথা ফাঁস করলেন বলি নায়ক বরুণ ধবন। তিনি জানান, জাহ্নবী চুলে তেল মাখতে খুব ভালবাসেন।
দীর্ঘ চুলের গোড়ার কথা বললেন জাহ্নবী। ছবি: সংগৃহীত
চুলের যত্নে তেল মাখার অভ্যাস নতুন নয়। ছোটবেলায় মায়ের হাতে মাথায় তেল মালিশ, ছুটির দিনে চুলে তেল মেখে রাখা বা শ্যাম্পুর আগে নারকেল তেল লাগানো, অনেকের কাছেই এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে স্মৃতিমেদুরতা। জাহ্নবীও সেই চেনা অভ্যাস ধরে রেখেছেন। এর আগে একটি সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি সপ্তাহে তিন বার চুলে তেল মালিশ করেন। মায়ের কাছ থেকেই নাকি এই অভ্যাস রপ্ত হয়েছে তাঁর।
কিন্তু সপ্তাহে তিন দিন তেল মাখলেই কি চুল দ্রুত বাড়ে? কোন তেল চুলের পক্ষে ভাল? আর কতক্ষণ তেল মাখিয়ে রাখা উচিত?
চুলের বৃদ্ধি নির্ভর করে মূলত জিনগত বৈশিষ্ট্য, হরমোন, বয়স, পুষ্টি এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর। মাথার ত্বকের ভিতরে থাকা ফলিকল থেকেই চুলের বৃদ্ধি হয়। বাইরে থেকে তেল লাগালে সেই ফলিকল দ্রুত নতুন চুল তৈরি করতে শুরু করে না। কিন্তু চুলে তেল মাখার উপকারিতা রয়েছে। কিছু তেল চুলের উপরিভাগে আবরণ তৈরি করে। এতে চুলে চুলে ঘর্ষণ কমে, শুষ্কতা কিছুটা নিয়ন্ত্রণে থাকে এবং আঁচড়ানোর সময়ে চুলে ভাঙন ধরার আশঙ্কা কমতে পারে। ফলে চুলের দৈর্ঘ্য ধরে রাখা সহজ হয়। অর্থাৎ, তেল চুলের স্বাস্থ্য ও চেহারা ভাল রাখতে সাহায্য করতে পারে, কিন্তু চুলের স্বাভাবিক বৃদ্ধির গতি বাড়িয়ে দেয় না। বিশেষ করে, নারকেল তেল চুলের ভিতরে প্রবেশ করতে পারে এবং চুল থেকে প্রোটিনের ক্ষয় কমাতে সাহায্য করে। নিয়মিত হিট স্টাইলিং বা রাসায়নিক পরিচর্যার ফলে চুল দুর্বল হয়ে গেলে এই গুণ কিছুটা কাজে আসতে পারে।
আরও পড়ুন:
জাহ্নবী সপ্তাহে তিন দিন তেল মাখেন বলে আপনাকেও যে একই নিয়ম মেনে চলতে হবে, তা নয়। চুলের ধরন এবং মাথার ত্বকের উপর নির্ভর করে তেল মাখার রুটিন ঠিক করা উচিত। চুল খুব শুষ্ক, রুক্ষ হলে সপ্তাহে এক-দু’বার শ্যাম্পুর আগে তেল মাখতে পারেন। অন্য দিকে, মাথার ত্বক যদি স্বাভাবিকের তুলনায় বেশি তৈলাক্ত হয়, তা হলে ঘন ঘন তেল মাখার প্রয়োজন নেই। তাতে চুল ভারী ও চিটচিটে হয়ে যেতে পারে। মাথার ত্বকে খুশকি বা অন্য কোনও সমস্যা থাকলেও অতিরিক্ত তেল মাখার আগে সতর্ক হওয়া জরুরি। প্রথমে সপ্তাহে এক দিন তেল মেখে দেখুন। চুল ও মাথার ত্বক কেমন থাকছে, তা বুঝে পরে প্রয়োজন অনুযায়ী অভ্যাস বদলাতে পারেন।