পুজোর আর মাত্র কিছুদিন বাকি। নতুন পোশাকের সঙ্গে যদি চুল রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন দেখায়, তবে গোটা সাজটাই মাটি। রোদ, দূষণ এবং নানা রকম রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারের কারণে চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে ফেলে। তবে চিন্তার কিছু নেই! পুজোর আগেই ঘরোয়া কিছু উপাদান সঠিক ভাবে ব্যবহার করলে রুক্ষ চুল হয়ে উঠবে নরম, ঝলমলে ও রেশমি।
জবার সঙ্গে মেথি
৫টি জবা ফুলের পাপড়ি নিতে হবে। এর সঙ্গে এক চা-চামচ মেথি দানা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে এলে সেই তেল মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিতে হবে। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করলে রুক্ষ চুল নরম হবে, খুশকির সমস্যা দূর হবে।
আরও পড়ুন:
দই, মধু ও লেবুর রসের মাস্ক
মাথার ত্বকে চুলকানি, র্যাশ বা সংক্রমণ থেকেও চুল পড়ার সমস্যা হয়। সে জন্য এমন হেয়ার মাস্ক মাখতে হবে যার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। আধ কাপ দই, ১ চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। লেবু ও দই মাথার ত্বক পরিষ্কার রাখবে, মধু চুলের রুক্ষ ভাব দূর করবে।
কলার মাস্ক
কলা খুব বেশি পেকে গেলে অনেকেরই খেতে ভাল লাগে না। সেই কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। কলা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তেরি করে নিন। কলার মিশ্রণের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে আরও এক বার ঘুরিয়ে নিন মিক্সিতে। এ বার গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভাল করে কলার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।