শীত-গ্রীষ্ম-বর্ষা জিন্সের কদর কমে না। সাজের ইচ্ছে না থাকলেও জিন্স, সাজের শখ হলেও জিন্স— নানা সাজে তার নানা রূপ। ফলে আলমারিতে একের বেশিই মেলে এই পোশাক। তবে তার রং, মাপ আর ফিটিং ঠিক রাখতে হলে ধোয়ার পাশাপাশি শুকোনোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ।
অনেকেই তাড়াহুড়োয় ভেজা জিন্স ঢুকিয়ে দেন ড্রায়ারে। এতে সময় বাঁচে ঠিকই, কিন্তু নিয়মিত এই অভ্যাস ডেনিমের ক্ষতি করতে পারে। তাই জিন্সের আয়ু বাড়াতে চাইলে নির্দিষ্ট নিয়ম মেনেই কাপড় শুকোনো উচিত।
ড্রায়ার নয়, সচরাচর বাতাসেই জিন্স শুকোনো উচিত। তাতে মেয়াদ বাড়ে কাপড়ের। ড্রায়ারের অতিরিক্ত তাপ এবং ঘূর্ণনের ফলে জিন্সের সুতোর উপর চাপ পড়ে। দীর্ঘদিন ধরে বার বার উচ্চ তাপে শুকোলে সুতির তন্তু দুর্বল হতে পারে, কাপড়ের রং ফিকে হয়ে যেতে পারে এবং জিন্সের মাপও পাল্টে যেতে পারে। জিন্সে স্ট্রেচ ফাইবার থাকলে অতিরিক্ত তাপে তা নষ্ট হতে পারে। ফলে জিন্স আগের মতো আর দেহের মাপের সঙ্গে মানানসই না-ও থাকতে পারে।
অন্য দিকে, বাতাসে শুকোলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে। বিশেষ করে, গাঢ় রঙের ডেনিমের ক্ষেত্রে সরাসরি রোদ এড়িয়ে ছায়ায় শুকোনো ভাল। তাতে রং ফিকে হওয়ার সম্ভাবনা কমে।
নির্দিষ্ট নিয়ম মেনে কাপড় শুকোনো উচিত। ছবি: সংগৃহীত
তা হলে ঠিক কী ভাবে জিন্স শুকোনো উচিত?
· জিন্স ধোয়ার পর প্রথমে সেটি উল্টো করে নিন। এতে বাইরের দিকের রং কিছুটা সুরক্ষিত থাকে।
· জল ঝরিয়ে নিয়ে জিন্সটি ভাল করে ঝাঁকিয়ে নিন।
· পায়ের অংশ, সেলাই এবং কোমরের দিকটা হাত দিয়ে টানটান করে নিন।
· তোয়ালের মতো মুচড়ে জল বার করার চেষ্টা করবেন না।
· এ বার দড়িতে না টাঙিয়ে হয় হ্যাঙ্গারে ঝোলান বা কোথাও বিছিয়ে রাখুন, যেখানে হাওয়া চলাচল ভাল হয়।
· বেশি রোদে রাখলে রং ফিকে হয়ে যেতে পারে, তাই ছায়াযুক্ত জায়গা বেছে নেওয়া ভাল।
তবে জিন্স শুকোনোর জন্য ড্রায়ার নিষিদ্ধ, এমন কথা কোথাও লেখা নেই। কোনও কোনও জিন্স অনায়াসেই হাওয়ায় শুকোনো যায়। কম তাপের ড্রায়ারে শুকোনো যেতে পারে জিন্স। জিন্স উল্টো করে রাখুন এবং ড্রায়ারের কাজ শেষ হলেই বার করে নিন। দীর্ঘক্ষণ ড্রায়ারের ভিতরে ফেলে রাখলে কুঁচকে যেতে পারে, আবার ভেজা অবস্থায় বেশিক্ষণ পড়ে থাকলে দুর্গন্ধও হতে পারে।
বাতাসে শুকোনোর পর অনেক সময়ে ডেনিম শক্ত বা খসখসে মনে হয়। সে ক্ষেত্রে অল্প সময়ের জন্য কম তাপে ড্রায়ার ব্যবহার করা যায়। প্রায় ১০–১৫ মিনিট ড্রায়ারে রেখে জিন্স সামান্য ভিজে থাকতেই বার করে নিন। তার পর হাত দিয়ে টানটান করে হ্যাঙ্গারে ঝুলিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এতে ড্রায়ারের তাপে দীর্ঘক্ষণ রাখার প্রয়োজন পড়ে না, আবার কাপড় নরমও থাকে। তবে কালো বা গাঢ় রঙের জিন্স দ্রুত ফিকে হয়ে যেতে পারে। তাই সেগুলি উল্টো করে ঠান্ডা জলে ধোয়া এবং ছায়ায় শুকোনো ভাল। স্ট্রেচ ডেনিমের ক্ষেত্রে অতিরিক্ত তাপ বিশেষ ভাবে এড়িয়ে চলুন। কারণ, তাতে ইলাস্টেন ফাইবারের ক্ষতি হতে পারে।
এখান থেকে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, জিন্স কি ইস্ত্রি করা যেতে পারে? সেক্ষেত্রেও তো তাপের প্রয়োগ করা হয়। তা হলে? সব সময়ে এই পোশাক ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না। তবে কোনও কোনও ক্ষেত্রে টানটান, ইস্ত্রি করা জিন্স পরার দরকার পড়ে। তখন নির্দিষ্ট নিয়ম মেনেই ইস্ত্রি করা উচিত—
· প্রথমেই লেবেল পড়ে নিতে হবে, আদৌ সেই জিন্সটি তাপ সহ্য করতে পারে কি না। নিষেধাজ্ঞা থাকলে স্টিমার ব্যবহার করা যেতে পারে।
· জিন্স ইস্ত্রি করতে হলে উল্টে দিতে হবে। তা হলে রঙের উপর প্রভাব পড়বে না।
· একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে তা ইস্ত্রি করতে বলপ্রয়োগ করতে লাগে। তার বদলে হালকা ভিজেো অবস্থায় ইস্ত্রি করলে আলতো চাপেই কাজ হয়ে যায়।
· একটি পা টানটান করে রেখে উপর থেকে নীচের দিকে টান দিয়ে ইস্ত্রি করতে হবে। সোজা টানতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ইস্ত্রি করা উচিত নয়।