পুজোর আগে ঘর পরিষ্কার করছেন, বাদ যায় কেন অন্দরসজ্জার গাছগুলি? যাঁরা গাছের পরিচর্যা করেন তাঁরা বলছেন, তিনটি কারণে গাছগুলিও পরিষ্কার করা দরকার।
প্রথমত, পাতায় ধুলোর আস্তরণ পড়লে গাছের শ্বসনপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে। পাশাপাশি, সালোকসংশ্লেষেও সমস্যা হতে পারে। বাইরে গাছ থাকলে পাতাগুলি বৃষ্টিতে ধুয়ে যায়। কিন্তু ঘরের গাছের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না।
দ্বিতীয় কারণ হল, অন্দরমহলের গাছেও অনেক সময়ে সূক্ষ পোকামাকড়ের আক্রমণ হয়। তারা পাতায় ডিম পাড়ে। কাণ্ড খেয়ে ফেলে। অনেক সময়ে তা নজর এড়িয়ে যায়। গাছের পাতা, কাণ্ড পরিষ্কার রাখলে, মিলি বাগ, স্পাইডার মাইটের আক্রমণের আশঙ্কা কমে।
তৃতীয়ত, নার্সারি থেকে নিয়ে আসা গাছে অনেক সময়ে রাসায়নিক স্প্রের কারণে সাদা ছোপ পড়ে। সেগুলিও তুলে ফেলা দরকার।
কী ভাবে গাছ পরিষ্কার করবেন?
৮ কাপ জলে আধ কাপ সাদা ভিনিগার, কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। গাছগুলিকে জানলার ধারে বা বারান্দায় সরিয়ে এনে মিশ্রণটি ভাল করে স্প্রে করুন। তার পরে সুতির পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। যে কোনও গাছই ঝকঝকে হয়ে উঠবে। সবুজ পাতা চকচক করবে।