বছরভর রোদ, জল সহ্য করতে হয় জানলা বা বারান্দার গ্রিলগুলিকে। বিশেষত বর্ষার টানা বৃষ্টির পরে গ্রিলগুলিতে মরচে ধরার প্রবণতা দেখা যায়। মরচে ধরলে শুধু সৌন্দর্যই কমে না, গ্রিলের লোহাও নষ্ট হয়, কমে যায় স্থায়িত্ব। পুজোর আগে মরচে পড়া গ্রিল, রেলিং কী ভাবে নতুনের মতো করবেন?
ঘষে পরিষ্কার করে নিন: তারের ব্রাশ বা শিরিষ কাগজ দিয়ে রেলিংয়ের আলগা মরচে, ময়লা ও পুরনো রঙের পরত ভাল করে ঘষে তুলে ফেলুন।
মরচে পরিষ্কারের রাসায়নিক: বাজারে নানা রকম রাস্ট রিমুভার পাওয়া যায়। বিশেষ রাসায়নিকের প্রয়োগে মরচে নরম হয়ে যায়। তার পরে সেগুলি পরিষ্কার করা সহজ হয়। এটি ব্যবহারের আগে দস্তানা পরে নিন। কারণ এতে থাকা রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে। স্প্রের সাহায্যে বা ব্রাশ দিয়ে মরচে ধরা অংশে তা প্রয়োগ করে ঘণ্টা খানেক রেখে দিন। পরে শিরিষ কাগজ বা ব্রাশ দিয়ে ঘষে নিন। এতে লোহার রেলিং বা গ্রিল পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:
অ্যালুমিনিয়াম ফয়েল এবং ভিনিগার: একটি অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো বলের মতো গোল করে সাদা ভিনিগারে ভিজিয়ে নিন। এবার সেটি দিয়ে মরচে ধরা অংশের উপর ঘষুন। ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড মরচে নরম করে এবং অ্যালুমিনিয়াম ফয়েল স্ক্র্যাচ না ফেলেই মরচে তুলে দেয়।
ধুলো পরিষ্কার: একটি শুকনো কাপড় বা নরম ব্রাশ দিয়ে ঘষে ফেলা গুঁড়ো ও ধুলো মুছে নিন। রেলিং সম্পূর্ণ শুকনো থাকা জরুরি।
অ্যান্টি-রাস্ট স্প্রে: ভালো কোনও ব্র্যান্ডের অ্যান্টি-রাস্ট স্প্রে ব্যবহার করতে পারেন। গ্রিল থেকে ৬–৮ ইঞ্চি দূরত্ব বজায় রেখে সমানভাবে স্প্রে করুন। কোণা ও খাঁজগুলোতে যেন ঠিকমতো পৌঁছোয় সেদিকে নজর দিন। এই রাসায়নিকের পরত মরচে পড়া আটকায়। গ্রিলের স্থায়িত্ব বাড়ে এতে।
রং: স্প্রে শুকিয়ে যাওয়ার পর একটি ভালো মেটাল প্রাইমার লাগান এবং শুকোলে রং লাগান। এতে রেলিং নতুন রূপ পাবে এবং দীর্ঘদিন সুরক্ষিত থাকবে।