ঘর, বারান্দা, পাঁচিল সাজাতে এলইডি আলোই ভরসা। এক বার কিনলে বছর বছর জ্বলে। আগুন ধরে যাওয়ার ভয় নেই। সেই জায়গায় মাটির প্রদীপ জ্বালানো মানে তো বাড়তি খরচ! ভূত চতুর্দশীতে ১৪টি মাটির প্রদীপ জ্বালাতে গেলেও কম করে এক শিশি তেলের বোতল খালি হয়ে যাবে। তাই মাটির প্রদীপ ব্রাত্য!
তবে কৌশল জানলে মাটির প্রদীপই জ্বলবে নামমাত্র তেলে। তেলের বদলে প্রদীপ ভরাট করে দিতে হবে জল। ভাবছেন, এ হতেই পারে না! নিজেই পরখ করে দেখুন। মাটির প্রদীপে তেলের বদলে জল দিন। একটি বাটিতে কয়েক চামচ তেল বা ঘি নিয়ে, সলতে তেলে ডুবিয়ে নিন। চামচের সাহায্যে জলের উপর অল্প করে তেল বা ঘি দিন।
তেল-জমে মিশ খায় না সে প্রবাদ সকলেরই জানা। তেল বা ঘি জলের উপর ভাসবে। সেই ভাসমান তেলেই সাবধানে সলতেটি রাখুন। ছিটেফোঁটা তেলে প্রদীপ জ্বলবে কয়েক ঘণ্টা।
বৈদ্যুতিক বা এলইডি আলোর রোশনাই যতই থাক, তা কখনওই মাটির প্রদীপের স্নিগ্ধ আলোর সমতুল্য হয় না। সেই আলোর আলাদা মায়াময় এক সৌন্দর্য থাকে। ছোট্ট কৌশলে, খরচ বাঁচিয়ে কালীপুজো, দীপাবলিতে বাড়ি সাজান প্রদীপে। তবে আগুন জ্বালাতে সতর্কতা জরুরি। পর্দা রয়েছে বা জামাকাপড় রয়েছে এমন জায়গায় প্রদীপ দেবেন না। বাড়ির যে অংশেই প্রদীপ দিন, ঘণ্টাখানেক পর পর একটু খেয়াল রাখা ভাল।