দিনভর কঠোর পরিশ্রম, অনুশীলন আর ডায়েটেই আবর্তিত তাঁদের জীবন। কিন্তু রক্তমাংসের মানুষ, সেই নিয়মের বেড়াজাল ভাঙার শখও তো হতে পারে। অপরাধবোধে না ভুগে মধ্যরাতে তেমনই এক সাধ মেটান রোহিত শর্মা।
সম্প্রতি নিজের শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’–তে নিজের এক অভ্যাসের কথা জানান তিনি। রোহিতের কথায় জানা যায়, টেস্ট ম্যাচ খেলার সময়ে প্রায়শই দুশ্চিন্তায় ভুগতেন। এক দিন খেলার পর প্রায় সারারাত জেগে থাকার অভ্যাস ছিল তাঁর। আর মধ্যরাতে মুখ চালাতে ইচ্ছে করলে মায়ের হাতে বানানো কলার ওয়েফার খেতে ভালবাসতেন রোহিত। তবে ছাঁকা তেলে নয়, বেক করে দিতেন তাঁর মা, যাতে তা স্বাস্থ্যকর হয়।
কী ভাবে বানাবেন কলার ওয়েফার বা চিপ্স? ছবি: সংগৃহীত
রোহিতের মায়ের মতোই স্বাস্থ্যকর উপায়ে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন কলার ওয়েফার বা চিপ্স। শিখে নিন ধাপে ধাপে—
১. এমন পাকা কলা বেছে নিতে হবে, যা অতিরিক্ত নরম নয়। সহজে কাটা যাবে, এমন কলাই প্রয়োজন ওয়েফার বা চিপ্স বানানোর জন্য।
২. তার পর পাতলা ও গোল গোল করে কেটে নিতে হবে কলাটি।
৩. বেকিং ট্রে-র উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে তার উপর কলার টুকরোগুলি গুছিয়ে রাখতে হবে।
৪. এ বার উপর দিয়ে অল্প করে ব্রাশ করে নিতে হবে লেবুর জল, যাতে অতিরিক্ত বাদামি না হয়ে যায়।
৫. দেড় থেকে দু’ঘণ্টার জন্য অল্প তাপে কলার টুকরোগুলি বেকিং অভেনে বেক করে নিতে হবে।
আরও পড়ুন:
৬. সোনালি এবং মুচমুচে হয়ে গেলে অভেন থেকে বার করে বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে।
৭. প্রস্তুত হয়ে যাওয়া কলার চিপ্স একটি বায়ুরোধী পাত্রে ভরে রেখে দিন। বড়জোর এক সপ্তাহ রেখে রেখে খেতে পারেন।