Advertisement
E-Paper

জলখাবার মানেই টম্যাটো সসের বায়না সন্তানের? দোকানের কেচাপ না কিনে ঘরেই বানিয়ে নিন সহজে

পাকা টম্যাটো আর হেঁশেলের কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই সস। বাড়িতে বানালে শিশুর পছন্দ অনুযায়ী মশলা ও ঝালের পরিমাণও নিয়ন্ত্রণ করা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৮:৩২
বাড়িতে টম্যাটো কেচাপ বানানোর সহজ পদ্ধতি।

বাড়িতে টম্যাটো কেচাপ বানানোর সহজ পদ্ধতি। ছবি: সংগৃহীত।

ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, কাটলেট কিংবা শিঙাড়া— পাতে টম্যাটো সস না থাকলে যেন খেয়ে তৃপ্তি হয় না। ও দিকে শিশুরাও জলখাবারে টম্যাটো কেচাপের বায়না ধরে যখন তখন। দোকান থেকে কেনা সসের বদলে এ বার বাড়িতেই তৈরি করে নিতে পারেন মিষ্টি-টক স্বাদের টম্যাটো সস। তাতে প্রিজ়ারভেটিভ না থাকায় শিশুদের জন্য স্বাস্থ্যকর হতে পারে। পাকা টম্যাটো আর হেঁশেলের কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই সস। সবচেয়ে ভাল বিষয়, বাড়িতে বানালে শিশুর পছন্দ অনুযায়ী মশলা ও ঝালের পরিমাণও নিয়ন্ত্রণ করা যায়।

বাড়িতেই বানিয়ে নিন টম্যাটো সস।

বাড়িতেই বানিয়ে নিন টম্যাটো সস। ছবি: সংগৃহীত

কী কী লাগবে?

এই সসের মূল উপকরণ পাকা লাল টম্যাটো। ৫-৬টি টম্যাটোর সঙ্গে লাগবে সামান্য চিনি, নুন এবং অল্প গোলমরিচ। বাড়ির ছোটদের জন্য তৈরি করলে লঙ্কার গুঁড়ো বা অন্য ঝাল মশলা না দিলেও চলে। গোলমরিচও খুব অল্প ব্যবহার করাই ভাল।

কী ভাবে বানাবেন?

· টম্যাটোগুলি ভাল করে ধুয়ে কেটে নিন।

· এ বার কড়াইয়ে জল নিয়ে তাতে টম্যাটোগুলি সেদ্ধ করতে থাকুন। নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

· টম্যাটো নরম হয়ে গেলে আঁচ বন্ধ করে কিছুটা ঠান্ডা হতে দিন।

· তার পর মিক্সারে দিয়ে মসৃণ করে পেস্ট বানিয়ে নিন।

· ছাঁকনি বা নরম কাপড় ব্যবহার করে টম্যাটোর ক্বাথটুকু আলাদা করে নিন। টম্যাটোর ছাল এবং বড় দানাগুলি বেরিয়ে যেতে পারে এই ধাপে। সস মিহি খেতে চাইলে এই ধাপটি প্রয়োজনীয়।

· এ বার কড়াইয়ে টম্যাটোর ক্বাথটুকু দিয়ে রান্না করতে থাকুন।

· একে একে পরিমাণমতো নুন, চিনি এবং গোলমরিচ মিশিয়ে দিন।

· বার বার চেখে দেখতে থাকুন, শিশুর স্বাদমতো উপকরণ মেশাতে পারেন তাতে। কেউ কেউ ভিনিগারও অল্প যোগ করেন টক ভাব বেশি আনার জন্য।

· যেমন ঘনত্ব ভাল লাগে, সেই বুঝে ফোটাতে থাকুন।

· তার পর আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।

· এ বার বায়ুরোধী একটি পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন।

Tomato Sauce cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy