কুমড়ো যে সব্জি হিসেবে খেতে খারাপ তা নয়। তবে ছোটরা সাধারণত এই ধরনের সব্জি খেতে চায় না। অথচ কুমড়ো পুষ্টিগুণে ঠাসা। ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রনে ভরপুর। কিন্তু সেই সব্জি সেদ্ধ করে তরকারি করে খাওয়াতে গেলে বাড়ির ছোট সদস্যটি নাক সিটকাতেই পারে। শিখে নিন সঞ্জীব কপূরের মাফিন তৈরির কৌশল। সুস্বাদু মাফিনের প্রলোভন মোটেই এড়াতে পারবে না খুদে।
উপকরণ
দেড় কাপ কুমড়োর শাঁস বাটা বা পিউরি
২ কাপ ময়দা
আরও পড়ুন:
২ টেবিলচামচ কফি লিকার বা ঘন কালো কফি
১ কাপ মাখন
১ কাপ চিনিগুঁড়ো
২টি ডিম
১ চা-চামচ বেকিং সোডা
১ চা-চামচ বেকিং পাউডার
এক চিমটি নুন
আধ চা-চামচ দারচিনিগুঁড়ো
১/৪ চা-চানচ জায়ফলগুঁড়ো
আধ চা-চামচ মিহি আদাকুচি
২ টেবিলচামচ দুধ
চিনি গুঁড়ো সাজানোর জন্য
প্রণালী: একটি পাত্রে কফি লিকার বা ঘন কালো কফির মধ্যে দিন নরম মাখন, চিনির গুঁড়ো। ইলেকট্রিক বিটার দিয়ে ভাল করে মিশিয়ে নেওয়ার পর ডিম ফাটিয়ে দিন। আবার ভাল করে মেশান। কুমড়োর শাঁসবাটা যন্ত্র দিয়ে মিশিয়ে নিন।
ময়দা, নুন, বেকিং সোডা এবং পাউডার, জায়ফলগুঁড়ো, আদাকুচি মেশান। মিশ্রণটি ডিম, কুমড়োর মিশ্রণে দিয়ে ভাল ভাবে মেশাতে হবে। দুধ যোগ করুন। মিশ্রণটি পাতলা বা খুব ঘন হবে না। মাফিন তৈরির ছাঁচে ঢালুন মিশ্রণ।
ওটিজি বা মাইক্রোওয়েভ অভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করে রাখুন। মাফিন তৈরির জন্য বসিয়ে দিন। ১৫-২০ মিনিট বেকিং-এর জন্য সময় লাগবে।
মাফিন বানিয়ে কাচের বয়ামে ভরে রাখুন। ১০-১২ দিন ধরে অনায়াসে তা খাওয়া যাবে।