সুরের জাদুতে তিনি মন জয় করেন। আবার রন্ধনশৈলীতেও তিনি সিদ্ধহস্ত। গাইতে যেমন ভালবাসেন, তেমনই রাঁধতেও। শঙ্কর মহাদেবন নিজেই নানা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ভোজনরসিক। পছন্দের খাবার নিজেই রেঁধে খান। উত্তর ভারতীয় হোক বা দক্ষিণ, যে কোনও রান্নাতেই সিদ্ধহস্ত তিনি। সম্প্রতি উদ্যোগপতি কেএস রামকৃষ্ণের সঙ্গে হাত মিলিয়ে দিল্লিতে ‘মালগুড়ি’ নামে একটি রেস্তরাঁ খুলেছেন সুরকার। সেখানে তাঁর রেসিপির কিছু বিশেষ খাবারও পাওয়া যায়।
তাই কিংবা কন্টিনেন্টাল, যে কোনও খাবারই রাঁধতে পারেন শঙ্কর মহাদেবন। আবার দক্ষিণী নানা খাবার ভাল বানান তিনি। ফিউশন খাবারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা আছে। তাঁর রেস্তরাঁয় নানা ররকম ফিউশন খাবারও পাওয়া যায়, যার কয়েকটির রন্ধনপ্রণালী তাঁর নিজেরই।
শঙ্কর মহাদেবনের তিন রেসিপি
মিন্সড চিকেন উইথ বেসিল
এই খাবারটি বানাতে ৩০০-৪০০ গ্রামের মতো কিমা করা মুরগির মাংস, প্রচুর তাজা বেসিল, রসুনকুচি, কাঁচালঙ্কাবাটা, সয়া সস, ফিশ সস ও সামান্য চিনি নিতে হবে। কড়ায় তেল গরম করে রসুন ও লঙ্কাকুচি হালকা ভেজে নিতে হবে। এর পর মুরগির কিমা দিয়ে ভাল করে কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে সয়া সস, ফিশ সস এবং সামান্য চিনি দিয়ে নেড়ে ঢেকে বসিয়ে দিতে হবে। নামানোর আগে বেসিল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
আরও পড়ুন:
তেঁতুল মাছ
ভেটকি বা পছন্দের যে কোনও মাছের ফিলে নিতে হবে। সেগুলি আগে ভাপিয়ে রেখে দিতে হবে। এ বার একটি প্যানে তেঁতুলের ঘন ক্বাথ, বেশি করে রসুনকুচি, লঙ্কা, ধনেপাতা ও থেঁতো করা বাদাম একসঙ্গে ফুটিয়ে একটি টক-মিষ্টি সস তৈরি করে নিতে হবে। ভাপিয়ে নেওয়া মাছের টুকরোগুলি রেখে তার উপর তেঁতুলের সস ঢেলে উপর থেকে ধনেপাতাকুচি ও বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে।
তাই পেঁপে স্যালাড
কাঁচা পেঁপে ঝিরিঝিরি করে কুচিয়ে নিন। একটি পাত্রে রসুন ও লঙ্কা একসঙ্গে থেঁতো করে তার সঙ্গে লেবুর রস, ফিশ সস ও সামান্য চিনি মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। এ বার পেঁপেকুচি, চেরি টম্যাটো ও ছোট করে কাটা বিনের সঙ্গে এই ড্রেসিং ও ভাজা চিনাবাদাম মিশিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের তাই স্যালাড।