রাখিপূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় বোনেরা। দিনভর চলে ভূরিভোজ, চলে আড্ডা। এর পাশাপাশি চলে উপহার বিনিময়। কখনও দাদার কাছে বোনের আদরের দাবি থাকে, কখনও উপহারের মোড়কেই ভাইবোনের মধুর সম্পর্ককে স্মৃতিপটে ধরে রাখার প্রচেষ্টাও থাকে। উপহারেই জুড়ে থাকে স্নেহ এবং ভালবাসা। তাই ভাই বা বোনের মুখে হাসি ফোটানোর উপহার বাছাই খুব একটা সহজ কাজও নয়।
কিছু উপহার যেমন শুধু ভাইকে দেওয়া যায়, কিছু উপহার থাকে শুধু বোনেদের জন্য। তবে এমন কিছু উপহার রয়েছে যা ভাই এবং বোন দু’জনেই দু’জনকে উপহার হিসাবে দিতে পারে। রইল তেমনই কয়েকটি সম্পর্কে ধারণা।
আলোয় মোড়া
আলোকসজ্জায় থাক ভাইবোনের স্মৃতি। ছবি: সংগৃহীত।
ভাইবোনের সম্পর্কে স্নেহ-ভালবাসা যতটা গভীর, ততটাই সুন্দর খুনসুটি। পরিণত বয়সে পৌঁছোলে, সেই সব হয়ে থাকে শুধুই স্মৃতি। সেই স্মৃতিই আগলে রাখা যায় উপহারের মোড়কে। ভাইবোনের ছবি, কার্টুনের ব্যবহারে নানা রকম এলইডি আলো তৈরি করা যায় আজকাল। শুধু দরকার নিজস্ব ছবি। ভাইবোনের নিজস্ব মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে দিলেই, নির্মাতারা সেগুলি কাজে লাগিয়েই বানিয়ে দেবেন আলোর উপহার।
স্মার্ট চার্জার
স্মার্ট চার্জারও থাকতে পারে উপহারের তালিকায়। ছবি:সংগৃহীত।
স্মার্টফোন, স্মার্টওয়াচের যুগে উপহার হোক স্মার্ট। ফোন থেকে ঘড়ি চার্জ দেওয়ার জন্য তার দেওয়া বা তার ছাড়া শৌখিন চার্জার রয়েছে। সেই স্ট্যান্ডের উপর ফোন বা ঘড়ি রেখে দিলেই চার্জ হবে। শুধু ফোন চার্জ নয়, এমন জিনিসও আছে যেটি ল্যাম্পশেড এবং ব্লু-টুথ স্পিকারের মতোও কাজ করবে। বিভিন্ন দামে নানা রকম তারহীন চার্জার পাওয়া যায়। বেছে নিতে পারে এমন কিছু।
ছবি দেওয়া মাটির পাত্র
ভাইবোনের ছবি আঁকা মাটির পাত্রও কিন্তু ভাইফোঁটার সুন্দর উপহার হতে পারে। ছবি:সংগৃহীত।
প্লাস্টিক, সেরামিক এসে পড়ায় কমে গিয়েছে মাটির বাসনের কদর। সেই হারিয়ে যেতে বসা শিল্পই ক্রমশ ফিরছে নতুন মোড়কে। শৌখিন মাটির বোতল থেকে চা খাওয়ার কাপের কদর বাড়ছে। তাতেই থাক ভাইবোনের স্মৃতি। মাটির জগ থেকে মাটির কাপে ভাইবোনের ছবি এঁকে, নাম লিখে উপহার হিসাবে দেওয়ার চল তৈরি হচ্ছে। বানিয়ে ফেলুন তেমন কিছুই।
পাসপোর্ট কভার
ইচ্ছামতো কারিকুরি করিয়েও পাসপোর্ট কভার বানানো যায়। ছবি:সংগৃহীত।
ভাই হোক বা বোন— ইদানীং দারুণ সব পাসপোর্ট কভারও পাওয়া যাচ্ছে। ভ্রমণপ্রেমী ভাইয়ের জন্য যেমন তার নাম লেখা সফরের ছবি আঁকা পাসপোর্ট কভার তৈরি করাতে পারেন, তেমনই বোনের জন্যও পারেন। ধাতব পাতে নাম লেখানো, স্বপ্নের বিবরণ দেওয়া বিশেষ ধরনের পাসপোর্ট কভার এখন বানানো যায়। উপহার হিসাবে তা আজীবনের সম্পদ হতে পারে।
উপহারের বাক্স
রাখি, ড্রাই ফ্রুটস, রাখিপূর্ণিমার বার্তা লেখা উপহারের বাক্সও দিতে পারেন। ছবি:সংগৃহীত।
দূরে থাকা ভাই-বোনেরা পরস্পরকে পাঠাতে পারেন উপহারের বাক্স। এই ধরনের শৌখিন বাক্সে থাকতে পারে রাখি, চকোলেট, রাখির কার্ড, কাজুবাদাম, কিশমিশ-সহ নানা রকম শুকনো ফল।
উলের গল্পগাথা
উল দিয়েই তৈরি হয় রকমারি উপহার। ছবি:সংগৃহীত।
উল এবং সুতো দিয়েই যে রাখির উপহার হয়, তা না দেখলে বিশ্বাস করা যায় না। উল দিয়ে তৈরি হয় ভাইবোনের পুতুল, ফটো ফ্রেম, ফুল। ভাই এবং বোন— দু’জনেই একে অন্যের জন্য এমন উপহার বেছে নিতে পারেন। শৈশব পেরিয়ে গেলেও এই উপহারগুলি রয়ে যাবে।
অ্যালবাম
রাখিপূর্ণিমায় ছবি দেওয়া অ্যালবামও উপহার হিসাবে দেওয়া যায়। ছবি: সংগৃহীত।
ছোট থেকে বড় হওয়ার নানা স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করা থাকলে, সেই ছবিই ঠাঁই পাক ভাই-বোনের উপহারের মোড়কে। রাখিপূর্ণিমায় বানিয়ে দিন বিশেষ অ্যালবাম।