Advertisement
E-Paper

মোচা মেশানো কষা মাংস! উত্তর-পূর্ব ভারতে খুবই জনপ্রিয় পদটি রাঁধতে শেখালেন সঞ্জীব কপূর

মোচা এবং মাংস— উত্তর-পূর্ব ভারতে এই দুয়ের মেলবন্ধনে তৈরি হওয়া রান্না বড়ই প্রিয় অনেকের। আর সেটিই রাঁধতে শেখালেন জনপ্রিয় রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ২০:৩৯
মোচা দিয়ে মাংস কষা।

মোচা দিয়ে মাংস কষা। ছবি: এআই সহায়তায় তৈরি।

মুরগির মাংস আর মোচা। পাশাপাশি দু’টি নাম যেন বড়ই বেমানান। অন্তত বাঙালির কাছে তো তা-ই বটে। কিন্তু উত্তর-পূর্ব ভারতে এই দুয়ের মেলবন্ধনে তৈরি হওয়া রান্না বড়ই প্রিয় অনেকের। আর সেটিই রাঁধতে শেখালেন জনপ্রিয় রন্ধনশিল্পী সঞ্জীব কপূর। এই পদ মূলত রাঁধা হয় অসমে। কুচো কুচো করে কাটা মোচা দিয়ে ধীর গতিতে রান্না হয় এই মাংস। গরম ভাত দিয়ে আনন্দের সঙ্গে খান সে রাজ্যের বাসিন্দারা। আপনিও রান্না করে দেখতে পারেন নিজের বাড়িতে।

মোচা দিয়ে মুরগির মাংসের রেসিপি

উপকরণ

৭৫০ গ্রাম মুরগির মাংস (২ ইঞ্চি করে কাটা)

১টি মাঝারি মোচা

আধ চা-চামচ হলুদগুঁড়ো

২-৩ টেবিলচামচ সর্ষের তেল

৪-৫টি সবুজ এলাচ

২-৩টি লবঙ্গ

১ ইঞ্চি দারচিনি

১টি তেজপাতা

২টি মাঝারি পেঁয়াজ (কুচোনো)

২টি শুকনোলঙ্কা

২ টেবিলচামচ আদা-রসুন বাটা

১ চা-চামচ জিরেগুঁড়ো

২ চা-চামচ ধনেগুঁড়ো

১ চা-চামচ গরমমশলা গুঁড়ো

কয়েক কুচি ধনেপাতার ডাঁটি

স্বাদমতো নুন

প্রণালী

প্রথমে মোচা ধুয়ে কুচি করে নিন। একটি বড় পাত্রে জল নিয়ে তাতে নুন এবং এক চিমটে হলুদগুঁড়ো গুলিয়ে মোচা ডুবিয়ে রেখে দিন।

অন্য দিকে, কড়াইয়ে তেল গরম করে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। গন্ধ বেরোতে শুরু করলে তাতে পেঁয়াজকুচি ও শুকনোলঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

পেঁয়াজে সোনালি রং ধরলে তাতে আদা-রসুনবাটা দিয়ে মিনিট দুয়েক নাড়িয়ে নিন।

তার পর এতে মুরগির মাংস দিয়ে আঁচ বাড়িয়ে মিনিট পাঁচেক রান্না করুন।

এ বার বাকি থাকা হলুদগুঁড়ো, ধনেগুঁড়়ো, জিরেগুঁড়ো, গরমমশলা গুঁড়ো মিশিয়ে কষাতে থাকুন।

এ বার মোচা চিপে চিপে জল ঝরিয়ে কড়াইয়ে মিশিয়ে দিন। সঙ্গে নুন আর আধ কাপ গরম জলও ঢেলে দেবেন।

ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। ঝোল ঝোল নয়, যেন মাখা হয়, তেমন ভাবেই জল ফুটতে দিতে হবে।

শেষে নামানোর সময়ে ধনেপাতার ডাঁটি ছড়িয়ে পরিবেশন করুন।

Chicken Recipe northeast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy