ভাল রান্না মানেই যে হেঁশেলে হরেক উপকরণ সাজিয়ে বসতে হবে কিংবা ঘণ্টার পর ঘণ্টা উনুনের পাশে বসে থাকতে হবে, তা কিন্তু নয়। বরং তা হতে পারে সহজসরল। নুন, ঝাল, মশলার মাপ ঠিক রাখতে পারলে সাদামাঠা রান্নাও মুখে লেগে থাকবে। বর্ষার মরসুমে তাই রেঁধে ফেলুন চিংড়ির তেল-ঝোল।
উপকরণ
৩০০-৩৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
একটি মাঝারি ঝিঙে
২টি বড় মাপের আলু
আরও পড়ুন:
১ চা-চামচ হলুদ
১ চা-চামচ কাশ্মীরিলঙ্কার গুঁড়ো
৮-১০টি কাঁচালঙ্কা
আধ চা-চামচ কালোজিরে
স্বাদমতো নুন
১ টেবিল চামচ ধনেপাতাকুচি
সর্ষের তেল
প্রণালী: আলু লম্বা করে কেটে তেলে ভেজে নিন। সর্ষের তেলে চেরা কাঁচালঙ্কা এবং কালোজিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে লম্বা করে কাটা খোসা ছাড়ানো ঝিঙে যোগ করুন। একটু ভাজলেই ঝিঙে জল ছেড়ে নরম হয়ে যাবে। যোগ করতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন। মিনিট দুয়েক কষিয়ে নিয়ে যোগ করুন ভেজে রাখা আলু। মাঝারি আঁচে কিছুক্ষণ কষালেই তেল ছাড়তে শুরু করবে। এই অবস্থায় দিতে হবে অল্প গরম জল। আলুও সেদ্ধ হয়ে এলে ধুয়ে রাখা চিংড়ি দিন। চিংড়ি আগে থেকে ভাজার দরকার হবে না। আলু, ঝিঙে এবং চিংড়ি কষিয়ে আরও খানিক জল দিন। ঢাকা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে যোগ করুন চেরা কাঁচালঙ্কা এবং এক টেবিলচামচ সর্ষের তেল। আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। গরম ভাতের সঙ্গে এই খাবার পরিবেশন করুন।