Advertisement
E-Paper

বাঙালি খাবারের স্বাদ একঘেয়ে লাগে? ঘরে সহজেই পঞ্জাবি কায়দায় শিঙাড়া বানিয়ে নিন, রইল রেসিপি

রন্ধনশিল্পী রণবীর ব্রারের কাছে শিখে নিন পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়া। হরেক মশলা দিয়ে নিজে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই মুখরোচক পদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২১:০৬
পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ার রেসিপি।

পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ার রেসিপি। ছবি: সংগৃহীত।

অফিসে বসে বিকেলে খিদে পেলেই মন খোঁজে অফিসপাড়ার কোনও ফুটপাত থেকে মুড়ি আর শিঙাড়া। কিন্তু সেই শিঙড়ায় যদি একটু বৈশিষ্ট্য এনে বাড়িতেই তৈরি করা হয়, তা হলে কেমন হয়? রন্ধনশিল্পী রণবীর ব্রারের কাছে শিখে নিন পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়া। হরেক মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মুখরোচক পদ। রইল তার রেসিপি।

উপকরণ

ময়দার খোলসের জন্য

১ কাপ ময়দা

আধ চা-চামচ জোয়ান

২ টেবিলচামচ ঘি

স্বাদমতো নুন

প্রয়োজনমতো ঠান্ডা জল

শিঙাড়ার মশলার জন্য

১ টেবিলচামচ গোটা ধনে

১ টেবিলচামচ মৌরী

আধ টেবিলচামচ গোটা জিরে

শিঙাড়ার পুরের জন্য

১ টেবিলচামচ ঘি

১ ইঞ্চি আদা কুচোনো

২টি কাঁচালঙ্কা কুচি

১০–১২টি কিশমিশ

১ চা-চামচ হলুদগুঁড়ো

আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো

এক-চতুর্থাংশ চা-চামচ হিং

৪–৫টি সেদ্ধ আলু (মোটা করে কাটা)

এক কাপের এক-চতুর্থাংশ কড়াইশুঁটি

দেড় টেবিলচামচ তৈরি করা মশলা

আধ চা-চামচ গোলমরিচের গুঁড়ো

১ চা-চামচ আমচুর গুঁড়ো

স্বাদমতো নুন

ভাজার জন্য পরিমাণমতো তেল

প্রণালী

প্রথম ধাপ

একটি পাত্রে ময়দা, নুন, জোয়ান ও ঘি দিয়ে ভাল করে মেশান। মিশ্রণটি অনেকটা পাউরুটির গুঁড়োর মতো ঝুরঝুরে হবে।

এ বার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ময়দা মেখে নিন। এ ক্ষেত্রে ময়দা একটু শক্ত করেই মাখতে হবে বলে জানাচ্ছেন রণবীর।

ঢাকা দিয়ে অন্তত ১৫–২০ মিনিট রেখে দিন।

দ্বিতীয় ধাপ

শুকনো খোলায় ধনে, মৌরী ও জিরে দিয়ে হালকা করে ভেজে নিন।

ঠান্ডা হলে হামানদিস্তায় থেঁতো করে নিন।

মশলা একেবারে গুঁড়ো না করে একটু মোটা রাখলে শিঙাড়ার পুরে সুন্দর গন্ধ পাওয়া যাবে।

তৃতীয় ধাপ

পুর তৈরি করে নিয়ে ঘিয়ে ভাজা দরকার। তার পর তেলে ভাজতে হবে গোটা শিঙাড়া। তাতেই নাকি পঞ্জাবি খাবারের স্বাদ ফুটে ওঠে।

কড়াইয়ে ঘি গরম করে আদা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে প্রায় এক মিনিট নাড়ুন। এ বার কিশমিশ, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও হিং দিন।

তার পরে সেদ্ধ আলু ও কড়াইশুঁটি দিয়ে কড়াইয়ের মধ্যেই বড় হাতা দিয়ে ভাল করে চটকে নিন।

ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৪–৫ মিনিট রান্না করুন। তার পরে ঢাকা খুলে আঁচ বাড়িয়ে আরও ৩–৪ মিনিট নাড়াচাড়া করুন, যাতে পুরের গায়ে হালকা ভাজা ভাব আসে।

শেষে তৈরি করা মশলা, গোলমরিচের গুঁড়ো, আমচুর ও নুন মিশিয়ে নামিয়ে নিন। পুর ঠান্ডা হতে দিন।

চতুর্থ ধাপ

ময়দার তাল থেকে মাঝারি আকারের লেচি কেটে লম্বাটে ডিম্বাকৃতি আকারে পাতলা করে বেলে নিন।

মাঝখান দিয়ে কেটে দু’টি ভাগ করুন। একটি ভাগ নিয়ে শঙ্কুর মতো আকার দিন।

খোলা অংশে সামান্য জল লাগিয়ে কোণগুলি আটকে নিন।

এ বার তার মধ্যে পুর ভরে মুখের ধারগুলিতে জল লাগিয়ে ভাল করে বন্ধ করে দিন। নীচের অংশে হালকা চাপ দিয়ে শিঙাড়াকে দাঁড় করিয়ে দিন। একই ভাবে বাকি শিঙাড়াগুলিও তৈরি করুন।

পঞ্চম ধাপ

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে শিঙাড়াগুলি ভাজুন। সব দিক সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে নিন। তেল শুষে নেওয়ার জন্য কাগজের উপর রাখুন। টম্যাটো সসের সঙ্গে এ বার পরিবেশন করুন পরিবারের সদস্যদের।

Samosa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy