হালকা ঠান্ডা আমেজ বাতাসে। সঙ্গে বৃষ্টিও পড়ছে মাঝেমধ্যে। তায় আবার সপ্তাহান্তের ছুটি। বাইরে থেকে খাবার অর্ডার না করে বাড়িতেই নতুন ধরনের পদ রেঁধে ফেলুন। এমন মরসুমে ঝাল ঝাল কষানো পাঁঠার মাংসের জুড়ি মেলা ভার। রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের রেসিপি মেনে রান্না করে নিন আচারি মটন। রইল তার সহজ প্রস্তুতপ্রণালী। এই রান্নাটির জোগাড়যান্তিতে ১৫-২০ মিনিট আর রান্নাটা হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতে পারে। দ্রুত করতে প্রেশার কুকারের ব্যবহারও করতে পারেন।
আচারি মটনের রেসিপি
উপকরণ
৭৫০ গ্রাম মটন (দেড় ইঞ্চি করে টুকরো করা)
৮টি শুকনোলঙ্কা
১ চা-চামচ গোটা সর্ষে
আধ চা-চামচ মেথি দানা
আধ চা-চামচ গোটা জিরে
১ চা-চামচ মৌরি
১ চা-চামচ কালোজিরে
৫টি লবঙ্গ
৪-৫ টেবিলচামচ সর্ষের তেল
৪টি মাঝারি পেঁয়াজ (কুচোনো)
১ টেবিলচামচ আদা (কুচোনো)
২ টেবিলচামচ রসুন (কুচোনো)
৪টি মাঝারি টম্যাটো (কুচোনো)
আধ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ টেবিলচামচ লেবুর রস
স্বাদমতো নুন
২ টেবিলচামচ টাটকা ধনেপাতা (কুচোনো)
পরিবেশনের জন্য লম্বা ও পাতলা করে কাটা অল্প আদা
প্রণালী
প্যান গরম করে তাতে শুকনোলঙ্কা, সর্ষে, মেথি, জিরে, মৌরি, কালোজিরে এবং লবঙ্গ ভেজে নিন। শুকনো খোলায় ১-২ মিনিট ভাজার পর তুলে নিয়ে একটি পাত্রে ঠান্ডা করতে দিন। এ বার একটি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিন মশলাগুলি।
বড় এক কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তার পর আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিন। ফের তেল গরম করুন। এ বার এতে পেঁয়াজগুলি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তাতে আদা আর রসুন দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকুন ১-২ মিনিট।
এ বার এই মিশ্রণে পিষে রাখা মশলাগুলি ঢেলে দিন। একনাগাড়ে ৩০ সেকেন্ড নাড়িয়ে কষিয়ে নিন মশলাগুলি।
তার পর কষানো মশলায় মটনের টুকরোগুলি মিশিয়ে দিন। ৪-৫ মিনিট উচ্চ আঁচে রান্না করুন।
মশলা ও মাংস একসঙ্গে রান্না হোক, তার মধ্যে টম্যাটো হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। তেল ছাড়তে শুরু করলে এতে আড়াই কাপ জল দিন। ভাল করে ফুটিয়ে নিন মাঝারি আঁচে রেখে। মাঝেমধ্যে নাড়াতে ভুলবেন না। ৪৫-৫০ মিনিট সময় লাগবে মাংস সেদ্ধ হতে।
শেষে লেবুর রস মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন। তার পর উপর থেকে ১ টেবিলচামচ ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।
পরিবেশনের বাসনে মাংস তুলে আদার টুকরোগুলি ছড়িয়ে দিন উপর থেকে।